২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ১৭ আগস্ট বোমা হামলায় আটক ৮ জনের মুক্তি

বরগুনায় ১৭ আগস্ট বোমা হামলার মামলায় জঙ্গি সন্দেহে সাড়ে চার মাস হাজত বাসের পর মঙ্গলবার সকালে আটজন মুক্তি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

মামলা থেকে অব্যাহতি দেওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার বরগুনা জেলা ও দায়রা  জজ  তাজ মোহাম্মদ শেখ  তাদের মুক্তির আদেশ দেন।

মুক্তিপ্রাপ্ত আটজন হচ্ছে-- কামড়াবাদ গ্রামের রিকশাচালক বেল্লাল উদ্দিন ও কোটবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেন, ছোট লবণ গোলা গ্রামের দুধ বিক্রেতা বেলাল হোসেন, বেহালা  গ্রামের ইদ্রিসুর রহমান, বরগুনা সরকারী কলেজের ছাত্র বাকী বিল্লাহ, জেলা ইসলামী  শাসনতন্ত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মেজবাহ আহমেদ মুকুল, শিয়ালিয়া মাস্টার বাড়ি মসজিদের ইমাম আব্দুল মান্নান ও পিরোজপুরের দাউদখালী  মাদ্রাসার ছাত্র হাফেজ আবু সালেহ।

এদের মধ্যে বেল্লাল উদ্দিন, ফরহাদ হোসেন, বেলাল হোসেন ও ইদ্রিসুর রহমান ১৭ আগস্ট বোমা বিস্ফোরণে আহত হয়েছিল।

সূত্র জানায়, তারা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্থানীয় একজন বিএনপি নেতা ১৮ আগস্ট তাদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করান।

এছাড়া বাকী বিল্লাকে ৭ সেপ্টেম্বর, মেজবাহ আহমদ মুকুলকে ২০ সেপ্টেম্বর, আব্দুল মান্নানকে ২৩ নভেম্বর এবং হাফেজ আবু সালেহকে ৪ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির দারোগা দাউদ হোসেন তাদের নির্দোষ উল্লেখ করে ২২ ডিসেম্বর চার্জশিট দিয়েছেন।