তাঁতী বাজারে জুয়েলারি ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই মামলা: ২ পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে ৪ বছরের সশ্রম কারাদণ্ড
তাঁতীবাজারে জুয়েলারি ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ১৩ কেজি রূপার অলঙ্কার এবং ২৮ হাজার টাকা ছিনতাইয়ের দায়ে কোতোয়ালী থানার দুই পুলিশসহ চারজনের বিরুদ্ধে চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম মঙ্গলবার দন্ডিতদের উপস্থিতিতে এ রায় দেন। দন্ডিত ব্যক্তিরা হচ্ছেন এ এস আই খলিলউল্লাহ, নায়েক আবদুল বারী, ট্রাক ড্রাইভার শাহদাৎ ও জসিম। এছাড়া অপর তিন আসামী কনস্টেবল কোরবান আলী, রফিক, শামসুজ্জামান ও রিপনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়।
গত বছর ২০ জুলাই ঢাকার তাঁতী বাজারের সিটি সিলভার জুয়েলারির কর্মচারি সোহেল রানা শ্যামল সিলেট থেকে সাড়ে ১৩ কেজি রূপা এবং ২৮ হাজার টাকা নিয়ে ঢাকায় তার কর্মস্থলে যাওয়ার সময় তাঁতী বাজারে কর্তব্যরত পুলিশ তার ব্যাগ পরীক্ষা করে। এসময় শ্যামল বহন করা অলঙ্কারের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চায়। এর পর শ্যামল চাঁদার টাকা আনার পরও তার ব্যাগ ফেরত পায়নি। পরে তাদের বিরুদ্ধে মামলা করলে ট্রাক ড্রাইভার জসিম ও শাহাদাৎ- এর কাছ থেকে অলংকার ও টাকার ব্যাগ উদ্ধার করা হয়।
বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৯ ব্যক্তির সাক্ষ্য নেয়া হয়।
