২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বিপুল পরিমান অস্ত্রসহ ৩ বিদেশী গেরিলা গ্রেফতার

বাংলাদেশ - মায়ানমার সীমান্তের দুর্গম নাইক্ষ্যংছড়ি উপজেলার বাঁকখালী এলাকায় সেনাবাহিনী ও বিডিআর সদস্যরা মঙ্গলবার ভোরে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক মারণাস্ত্র এবং গোলাবারুদসহ তিনজন বিদেশী গেরিলাকে আটক করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বিডিআর সূত্র জানায়, অস্ত্র - শস্ত্রসহ হাতেনাতে আটককৃতরা হচ্ছে, চে অং (৪০), অং দোয়াং (২২) ও তা চোয়াং চিং (২০)। ধারণা করা হচ্ছে, তারা মায়ানমারের কোনো একটি বিচ্ছিন্নতাবাদী গেরিলা গ্র“পের সদস্য। তবে আটককৃতদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আটককৃত অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি এম ১৬ রাইফেল, একটি একে ৪৭ রাইফেল, একটি লাইট মেশিন গান, সাতটি ১২ বোর রাইফেল, দুটি থ্রি নট থ্রি রাইফেল এবং বিভিন্ন ধরণের সাড়ে সাত হাজার রাউন্ড গুলি।

বিডিআর সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার গহিন অরণ্যে ওই অভিযান চালানো হয়।  সন্ত্রাসীদের একটি আস্তানায় হানা দিয়ে হাতেনাতে ওই তিনজনকে আটক করাসহ উদ্ধার করা হয় অবৈধ অস্ত্র -- শস্ত্র। এই অভিযানে কোনো গুলিবিনিময়ের ঘটনা ঘটেনি। কিছু বুঝে ওঠার আগেই যৌথবাহিনী সন্ত্রাসীদের পাকড়াও করতে সক্ষম হয়।

জানা যায়, বিডিআর’র আঞ্চলিক কমান্ডার লেফটেনেন্ট কর্নেল আবদুল আউয়াল বীর প্রতীক এবং আলীকদম সেনানিবাসের মেজর মোবাশ্বেরের নেতৃত্বে এ যৌথ অভিযান চালানো হয়।

আলীকদম সেনানিবাস এবং নাইক্ষ্যংছড়ি জোনের পাঁচ শতাধিক সদস্য এ অভিযানে অংশ নেন।

এর আগে গত ডিসেম্বরে একই এলাকায় অভিযান চালিয়ে বিডিআর চারটি একে ৪৭, সাতটি নাইনএমএম পিস্তলসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করে।

গত বছর ফেব্র“য়ারি মাসে পার্বত্য জেলা বান্দরবানের সীমান্তকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে বিডিআর ও সেনা বাহিনী যৌথ অভিযান শুরু করে। অভিযানের শুরুতেই নাইক্ষ্যংছড়ির দুর্গম তমব্র“ থেকে ঈদগড় পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাতেই উদ্ধার করা হয় অত্যাধুনিক সাতটি এম ৭৯ রাইফেল, তিনটি এম ১৬ রাইফেল, এম ১৬ রাইফেলের ১২ টি অতিরিক্ত ব্যারেল, ৪৫১ রাউন্ড এম ১৬ রাইফেলের বুলেট এবং আটটি দেশী বন্দুক।

এছাড়া জুন থেকে নভেম্বরে প্রায় ৩০ হাজার রাউন্ড বুলেটসহ ২০টি একে ৪৭ রাইফেল, ৬৫ টি পিস্তল, একটি ভারি মেশিন গান, একটি সাব মেশিন কারবাইন, ১৩ টি রাইফেল, আটটি ১২ বোর রাইফেল, একটি মেশিন গান, একটি সাব মেশিন গান, এক বস্তা দু কার্টুন টিএনটি বিস্ফোরক, একটি গ্রেনেড, চারটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক্রোফোন, ২০ সেট সামরিক পোষাক, ১০ টি ক্যাপ এবং বিপুল পরিমান যুদ্ধের সরঞ্জাম।

এরআগেও নাইক্ষ্যংছড়ি থেকে ১৩০ কেজি শক্তিশালী টিএনটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।