কুষ্টিয়ায় বোমা হামলায় অল্পের জন্যে রক্ষা পেলেন বিএনপি ও আ. লীগ নেতা
কুষ্টিয়ায় ছুঁড়ে মারা বোমা বিস্ফোরণে অল্পের জন্যে রক্ষা পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত স্বেচ্ছাসেবক লীগ ও বিএনপি নেতা।
সদর উপজেলার দোস্তপাড়া যুব উন্নয়ন মাঠ সংলগ্ন ব্যাডমিন্টন খেলার মাঠে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় একটি প্রত্রিকা অফিসে ফোন করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিজেকে আল-কায়েদার খুলনা জোনের নেতা দাবি করে ঘটনার দায়িত্ব স্বীকার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএ মোমিন মণ্ডল এবং সদর থানা বিএনপির অর্থ সম্পাদক ও জেলা চাল কল মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ বাবুল সন্ধ্যা ৭টার দিকে দোস্তপাড়ার যুব উন্নয়ন ক্লাব মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। এসময় পাশের রাস্তায় চলন্ত ট্যাম্পু থেকে তাদের লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠেই বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
এদিকে পৃথক ঘটনায় রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার পোড়াদহে সিদ্দিক চেয়ারম্যান, পোড়াদহ স্টেশনের পাশে এবং অমর পালের দোকানের সামনে কমপক্ষে চারটি বোমা বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে।
