“চাঁপাইনবাবগঞ্জের আম সর্বোৎকৃৃষ্ট, প্রয়োজন সঠিক পদ্ধতিতে উৎপাদন”
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন কমপ্লেক্সে মঙ্গলবার “আম চাষে সমস্যা ও বৈজ্ঞানিক উপায়ে প্রতিকার” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শামীম ট্রেডার্স রামচন্দ্রপুরহাট ও বায়ার ক্রপস সায়েন্স লিমিটেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
এ কর্মশালায় বক্তাগণ বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম সর্বোৎকৃষ্ট এবং আমের ফলন ভাল করতে প্রয়োজন সঠিক পদ্ধতিতে আম উৎপাদন।
বক্তারা আরও বলেন, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য অন্যান্য ভাল জাতের পাশাপাশি লাভজনক আমের জাত হচ্ছে লক্ষণ ভোগ। কারণ এ আমটি প্রতিবছরই উৎপাদন করা হয়। এর রংও ভাল এবং বাজারে ভাল দামও পাওয়া যায়। তবে সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে সময় মত কীটনাশক স্প্রে করে রোগবালাই প্রতিরোধ করা।
কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অসীম কুমার মালাকার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এ কে এম আনোয়ার হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ ড. ইত্তেফাকুল আজাদ, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম মোর্তুজা, নাটোর বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের রিজিওনাল ম্যানেজার দেবাশীষ ভৌমিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ বায়ার সায়েন্স লিমিটেডের আঞ্চলিক কর্মকর্তা মতিউর রহমান।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাণীহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ।
কর্মশালা পরিচালনা করেন শামীম ট্রেডার্সের মালিক মাহবুব-উল-ইসলাম শামীম।
