২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-উল-আজহা উপলক্ষে রেলওয়ের ৮ টি বিশেষ ট্রেন সার্ভিস

ঈদে ঘরমুখী যাত্রীদের সুবির্ধাথে রেলওয়ে বিভিন্ন গন্তব্যে আটটি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 04:29 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বিশেষ সার্ভিসের মধ্যে ঈদের দিন এবং ১৫ জানুয়ারি ছাড়া ৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ঢাকা ও জামালপুরের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে জামালপুরগামী ট্রেনটি ঢাকা থেকে সকাল ৮ টা ৪০ মিনিটে এবং জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি জামালপুর থেকে দুপুর ২ টায় ছাড়বে।

চট্রগ্রাম-চাঁদপুরের মধ্যে দুই জোড়া বিশেষ ট্রেন চলবে। চট্রগ্রাম থেকে চাঁদপুরগামী ১ম ট্রেনটি ৮ জানুয়ারি থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১ টা ৩০ মিনিটে এবং চাঁদপুর থেকে চট্রগ্রামগামী ১ম বিশেষ ট্রেনটি চাঁদপুর থেকে রাত ৩ টায় ছাড়বে। চট্রগ্রাম থেকে চাঁদপুরগামী ২য় বিশেষ ট্রেনটি প্রতিদিন বিকেল চারটায় এবং চাঁদপুর থেকে চট্রগ্রামগামী ট্রেনটি সকাল ৬ টায় ছাড়বে।

অপরদিকে ঈদের পর দিন থেকে ১৫ জানুয়ারি ছাড়া ২০ জানুয়ারি পর্যন্ত চট্রগ্রাম ও চাঁদপুরের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। চট্রগ্রাম থেকে চাঁদপুরগামী বিশেষ ট্রেনটি প্রতিদিন বিকাল ৪ টায় এবং চাঁদপুর থেকে চট্রগ্রামগামী বিশেষ ট্রেনটি রাত ৩ টায় ছাড়বে।

উল্লেখ্য বিশেষ ট্রেন সার্ভিস চলাকালে সকল আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনেও চলাচল করবে। তবে ঈদের দিন কোনও আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ঈদের দিন কয়েকটি মেইল ও লোকাল ট্রেন এবং ঈদের পর দিন কয়েকটি আন্তঃনগর ট্রেন বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানার জন্য যাত্রীদেরকে পার্শ্ববর্তী স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।