২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে বিচারক হত্যার পরিকল্পনাকারী সানি ও আউয়ালকে বরিশাল পাঠানো হবে, ঘাতক মামুনকে আদালতে হাজির

ঝালকাঠীতে দুই বিচারক হত্যার পরিকল্পনাকারী আতাউর রহমান সানি এবং আব্দুল আউয়াল ওরফে আরাফাতকে ৮ জানুয়ারি ঢাকা থেকে বরিশাল নেয়া হবে। ওই বোমা হামলার প্রধান আসামি মামুনকে বুধবার আদালতে হাজির করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 04:29 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বুধবার দুপুরে বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন দু’ বিচারক হত্যা ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলার চার্জশিটভুক্ত আসামি সানি ও আউয়ালকে বরিশালে পাঠানোর জন্যে ঢাকার ডিআইজি প্রিজনকে নির্দেশ দেন।

এদিকে দু’বিচারক হত্যার প্রধান আসামি জেএমবি’র আত্মঘাতী বোমা হামলাকারী মামুনকে বুধবার আদালতে হাজির করা হয় বলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. মুজিবুর রহমান বিডিনিউজকে জানান।

আদালতে বিচারক আব্দুল মতিন মামুনের কাছে তার পক্ষে আইনজীবী নিয়োগের ব্যাপারে মতামত চাইলে মামুন আইনজীবী নিয়োগের ইচ্ছে প্রকাশ করে। এর ভিত্তিতে বিচারক আসামির পক্ষে রাষ্ট্র থেকে অ্যাড. মোকলেছুর রহমানকে নিয়োগ দেন।

একই সাথে ওই মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের পক্ষে আইনজীবী মো. সামসুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। এসময় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাড. মুজিবুর রহমান নান্টু।

বিশেষ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মামুনকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনা হয়। তাকে বরিশাল জেলখানায় রাখা হয়েছে।

এদিকে বরিশাল নগরীতে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় দায়েরকৃত ১২টি মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোতোয়ালী থানার একাধিক এসএই বাদী হয়ে ওই মামলাগুলো মামলা দায়ের করেন।

এগুলোর মধ্যে ছয়টি মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে চার দফায় চার্জশিট দাখিল করা হয়। অভিযুক্তদের মধ্যে শুধু দৃষ্টি প্রতিবন্ধী আবু সোলায়মান ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। অবশ্য পরবর্তীতে সে ওই জবানবন্দি প্রত্যাহারের জন্যে ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে।