২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিন্দুমাত্র ছাড় না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার বোমাবাজ ও তাদের মদদদাতাদের বিন্দুমাত্র ছাড় না দিয়ে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০০৬ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ইসলাম ধর্মের নাম ব্যবহার করে একটি বিপথগামী গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। দেশকে পিছিয়ে দিতে চায়।

তিনি বলেন, যখন আমরা একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে চলেছি, তখন বিপথগামী একটি গোষ্ঠী দেশের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বোমা হামলা শুরু করেছে।

প্রধানমন্ত্রী বোমাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে পুলিশকে আহ্বান জানিয়ে বলেন, বোমাবাজ ও তাদের পৃষ্ঠপোষকরা দেশ, জাতি, উন্নয়ন ও গণতন্ত্রের শত্র“। তারা সংবিধানকে ধ্বংস করতে চায়।

বেশ কয়েকজন বোমাবাজকে গ্রেপ্তারে পুলিশের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা বোমা তৈরির আস্তানা খুঁজে বের করেছেন, অস্ত্র উদ্ধার করেছেন। হামলাকারীদের মোকাবেলায় আপনার যে সহকর্মী জীবন দিয়েছেন, জাতি তার কথা মনে রাখবে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ছয় বিভাগীয় রেঞ্জের পুলিশ সদস্যদের অংশগ্রহণে আড়ম্বরপূর্ণ মার্চপাস্টের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হয়।

প্রধানমন্ত্রী প্যারেডের স্যালুট গ্রহণ করেন এবং পুরস্কারপ্রাপ্ত ৫২ জনকে মেডেল উপহার দেন। এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং পুলিশের মহাপরিদর্শক আব্দুল কাউয়ুম প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

গত বছর দায়িত্বপালনকালে নিহত ৩৩ জন পুলিশ সদস্যদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাজের ধারা সম্পর্কে আমি অবহিত রয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম দিকে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের হাতে রেখেছিলেন, তেমনি আমিও ১৯৯১--৯৬ পর্বে এ মন্ত্রণালয় আমার হাতে রেখেছিলাম।

তিনি বলেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আর তাই অভিযোগেরও অন্ত নেই। পুলিশের কয়েকজন অসাধু, দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে গোটা পুলিশ প্রশাসনের ভাবমূর্র্তি ক্ষুণœ হোক, এটি কেউ চায় না। কারো বিরুদ্ধে অবৈধ কাজ ও দুর্নীতির অভিযোগ উঠলে সাথে সাথেই তা আমলে নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ নিরীহ, নিরপরাধ মানুষের বন্ধু, ভরসা ও আশ্রয়স্থল। এটি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে।

পুলিশ সপ্তাহে খালেদা জিয়া বলেন, সারা দেশে অপরাধীরা তাদের অপরাধের ধরন পরিবর্তন করায় অতীতের যে কোনও সময়ের তুলনায় পুলিশের কাজ এখন অনেক বেশি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ।

পুলিশ বাহিনীকে উন্নত ও দক্ষ করে তোলায় ২,৮৪৪টি গাড়ি প্রদানসহ বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন গঠন করা হয়েছে, নামানো হয়েছে হাইওয়ে পুলিশ ইউনিট।

এ বাহিনীর উন্নয়নে ২০০৫-০৬ অর্থবছরে পুলিশে ১,৭০২ কোটি টাকা বরাদ্দ করা হয়। এটি ২০০০--০১ অর্থবছরের তুলনায় দ্বিগুন বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কথা বলি কম, কাজ করি বেশি। আমরা যতোটা দেবো বলি, বাস্তবে সম্ভব হলে আরো বেশি দিই। বিগত চার বছরে আপনারা তা দেখেছেন।

তিনি বলেন, আমরা কনস্টেবল ও এএসপিসহ ২৬,২৫৯টি নতুন নিয়োগ দিয়েছি। ঔপনিবেশিক আমলের পেশাক পরিবর্তন করে নতুন পোশাক প্রবর্তন করেছি। স্বয়ংক্রিয় অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়েছে। এছাড়া দুই শতাধিক পুলিশ সদস্যকে উন্নত প্রশিক্ষণে দেশের বাইরে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী আরো জানান, পুলিশ স্টাফ কলেজ স্থাপন করা হয়েছে। ঢাকায় বেশ কয়েকটি নতুন থানা প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের থানার সংখ্যা ৫১টিতে উন্নীত করা হবে। একটি মহিলা থানা ও ৩৬টি মডেল থানা প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও জানান, এসময়ে আমরা ১৪০টিরও বেশি আইন প্রণয়ন করেছি এবং বিচার ব্যবস্থায় গতিশীলতা আনতে দ্রুত বিচার আইন প্রবর্তন করা হয়েছে।