২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে সহিংসতা ও দুর্ঘটনায় ২০০৫ সালে ৪৮০ শ্রমিক নিহত

দেশে ২০০৫ সালে বিভিন্ন ধরনের পেশাগত দুর্ঘটনা, কর্মক্ষেত্রে সহিংসতা ও অত্যাচার নিপীড়নের শিকার হয়ে কমপক্ষে ৪৮০ জন শ্রমিক নিহত এবং ৯৫০ জন আহত হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৩৫ জন নারী শ্রমিক। এদের মধ্যে কমপক্ষে সাতজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিল্স-এর সংবাদপত্রভিত্তিক জরিপ প্রতিবেদনে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়।

বাংলা ও ইংরেজি ১৬টি জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি এ রিপোর্টে জানানো হয়, নিহতের তালিকায় এ বছর সবচেয়ে ওপরে রয়েছে গার্মেন্টস শিল্প। এ শিল্পে ছোট বড় দুর্ঘটনা বা সহিংসতায় নিহত হয়েছে ১৩০ জন শ্রমিক এবং আহত হয়েছে ৪৮০ জন। ধর্ষণের ক্ষেত্রেও এ সেক্টরে সর্বাধিক সংখ্যক ২২টি ঘটনা ঘটেছে। সাভারে স্পেকট্রাম ট্রাজেডিতে নিহত হয় ৬৫ জন শ্রমিক এবং আহত হয় ৭৯ জন। যাদের মধ্যে কমপক্ষে ১৫ জন স্থায়ী পঙ্গুত্ব বরণ করে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে নির্মাণ খাত। ছোট বড় ঘটনায় কমপক্ষে ৬০ জন নির্মাণ শ্রমিক নিহত এবং ১৮৫ জন আহত হয়।

২০০৫-এর গৃহপরিচারিকা নির্যাতন চিত্র সদ্য অতীতের বছরগুলোকে ছাড়িয়ে গেছে। এছর ৩২ জন গৃহপরিচারিকা নিহত হয়েছে। নির্যাতনে আহত হয়েছে ৩১ জন এবং ধর্ষণের শিকার হয়েছে সাতজন।

রাইস মিলে বয়লার বিস্ফোরণসহ বিভিন্ন ক্ষেত্রে বয়লায়, সিলিন্ডার গ্যাসপাইপ বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি ঘটেছে ১৪ জনের। এতে আহত হয়েছে ৯৯ জন।

জাহাজভাঙ্গা শিল্পে দুর্ঘটনা অব্যাহত ছিলো। ২০০৫-এ এ শিল্পে নিহত হয়েছে ১২ জন এবং আহত হয়েছে ৪২ জন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছে। ২১ জন শ্রমিক নিহত হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। আহত হয়েছে আরও সাতজন। সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে নিহত হয়েছে কমপক্ষে আটজন।

পেশাগত দুর্ঘটনার পাশাপাশি বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছে মোট ৩৮জন শ্রমিক। এদের মধ্যে দোকান কর্মচারি ছিলো ১০ জন। এছাড়া গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, এনজিও কর্মী কিংবা অন্যান্য খাতের শ্রমিকরা এ ধরনের সহিংসতার শিকার হয়েছে।

অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। দেখা গেছে, চাঁদাবাজ বা এলাকার সন্ত্রাসীরা মালিকের সাথে শত্র“তার জের হিসেবে হামলা চালিয়েছে কিন্তু মালিককে না পেয়ে কর্মচারি বা শ্রমিককে হত্যা বা জখম করেছে। 

গৃহপরিচারিকার ওপর পাশবিক নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটেছে। তাদের অনেকের গায়ে গরম খুন্তির ছ্যাকা, বটি দিয়ে কোপ দেওয়া হয়েছে।

মালিকের হাতে শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে অনেক শ্রমিককে। নিহত ৩২ জন গৃহপরিচারিকার মধ্যে ১০ জনের ঘটনা আত্মহত্যা বলে খবরে প্রকাশ করা হয়েছে। তবে এসব ঘটনার অধিকাংশই ছিলো রহস্যজনক।

দুর্ঘটনা বা সহিংসতায় পরিবহন শ্রমিক নিহত হয়েছে ১৪ জন।  এছাড়া নৌ দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছে ৩৬ জন।

টেক্সটাইল সেক্টরে নিহত হয়েছে পাঁচজন আহত হয়েছে ৫০জন। এছাড়া অন্যান্য খাতে মোট ২৯ জনের প্রাণহানির খবর প্রকাশিত হয়েছে।

গার্মেন্টস সেক্টরসহ অন্যান্য সেক্টরে ধর্ষণের ঘটনাগুলোর ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ ঘটনাই ঘটেছে নারী শ্রমিকদের রাত্রিকালে কাজ শেষে ঘরে ফেরার পথে।

২০০৫ সালে গার্মেন্টস খাতে কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ও শ্রমিক নির্যাতনের ঘটনা ঘটে। বছরের শুরুতেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে কয়লা হয়েছে ২২জন শ্রমিক। সাভারের বাইপাইলে এপ্রিলে স্পেকট্রাম গার্মেন্টস কারখানা ধসে নিহত হয়েছে ৬৫ জন এবং আহত হয়েছে ৮৫ জন। অক্টোবরে কাঁচপুরে সিনহা টেক্সটাইলের শ্রমিক রতনকে গলায় নাইলনের রশি বেঁধে ঝুলিয়ে পেটানোর জের ধরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ আনসারের গুলিতে ২০০ আহত হওয়া এবং তার দু’দিন আগে সাভারে বাসের চাপায় আট গার্মেন্টস শ্রমিকের মৃত্যু এবং বছর শেষে মিরপুরে মাত্র একটি গেঞ্জির জন্যে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

যেসব দৈনিক সংবাদপত্র এ জরিপে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে- ইত্তেফাক, প্রথম আলো, জনকণ্ঠ, যুগান্তর, সংবাদ, আজকের কাগজ, ভোরের কাগজ, সমকাল, আমাদের সময়, ইনকিাব, দিনকাল, ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ অবজারভার, নিউ এ’জ এবং ফাইন্যানন্সিয়াল এক্সপ্রেস।