স্ত্রী হত্যার দায়ে যশোরে বৃহস্পতিবার রাতে একজনের উটঠডগ কার্যকর হবে
যশোর কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার মধ্য রাতে আব্দুর রউফ মোল্লা নামে এক আসামির ফাঁসি কার্যকর করা হবে।
যৌতুক ও পরকীয়া প্রেমের কারণে সন্তানসম্ভবা স্ত্রীকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, মাগুরার মোহাম্মদপুর উপজেলার চরচাপতলা গ্রামের সাদেক মোল্লার ছেলে রউফ মোল্লার সাথে মাগুড়া তাঁতী পাড়ার খোরশেদ মোল্লার মেয়ে খোদেজার বিয়ে হয়। কিন্তু রউফ বিয়েতে যৌতুক কম পাওয়া এবং তার পরকীয়া প্রেমের কারণে ১৯৯৮ সালের ৬ সেপ্টেম্বর পরিকল্পিতভাবে খোদেজাকে হত্যা করে। হত্যার সময় খোদেজার গর্ভে কয়েক মাসের সন্তান ছিল।
এ ঘটনায় পর দিন খোদেজার বাবা মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে মাগুরার অতিরিক্ত দায়রা জজ এবং নারী ও নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মামলার তিন আসামিকেই মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
আসামিরা হাইকোর্টে আবেদন জানালে হাইকোর্ট মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাসের নির্দেশ দিয়ে রউফের ফাঁসির আদেশ বহাল রাখেন। পরে রউফ সুপ্রিম কোর্ট ও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানালেও তা প্রত্যাখ্যাত হয়।
যশোর কারাগার সূত্র জানায়, রউফের ফাঁসির আদেশ কার্যকর করা হবে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে। ফাঁসি কার্যকর করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলার শাহ আলম জানান।
আব্দুর রউফসহ যশোর কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ৭২ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি রয়েছে।
