কক্সবাজারে আবারও ধরা পড়লো বিশালাকৃতির তিমি হাঙর
কক্সবাজার সমুদ্রে আবারও ধরা পড়েছে তিমি হাঙর। বুধবার সকালে মহেশখালীর কুতুবজোমের নবী হোসেনের মাছ ধরার জালে বিশাল আকৃতির হাঙরটি ধরা পড়ে।
এ নিয়ে গত ১৮ দিনে বিশাল আকৃতির ৪টি তিমি হাঙর জেলেদের জালে ধরা পড়ল।
সূত্র জানায়, সকাল ৬টার দিকে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের ‘৬ বিওরের ধারে’ তিমি হাঙরটি নবী হোসেনের বিহিন্দি জালে আটকা পড়লে জেলেরা কৌশলে রশি দিয়ে বেঁধে কক্সবাজার শহরতলীর নাজিরারটেক শুটকি মহালে নিয়ে আসে।
ধরা পড়া হাঙরটি লম্বায় ২৯ ফুট ও প্রস্থে ১২ ফুট। জেলেরা বলছেন, হাঙরটির ওজন হবে প্রায় ৩ টন। এটি নবী হোসেনের জালে আটকা পড়লেও তা শিকার করা আইন বিরুদ্ধ কিনা তা তার জানা নেই।
এদিকে স্থানীয় ভাবে ‘বাঘা হাঙর’ নামে পরিচিত তিমি হাঙরটি নাজিরারটেকের মাছ ব্যবসায়ী আরিফুল ইসলাম ৪৫০০ টাকায় কিনে নিয়েছেন।
গত ১৮ ডিসেম্বর প্রথম তিমি হাঙরটি ধরা পড়ে কক্সবাজার শহরের মাঝির ঘাট এলাকার সিরাজুল ইসলাম বহদ্দারের মাছ ধরার জালে। পরদিন ১৯ ডিসেম্বর শহরতলীর উত্তর নুনিয়া ছড়ার নুরুল ইসলাম বহদ্দারের ট্রলারে একই সাইজের আরেকটি, ২৯ ডিসেম্বর ২৩ ফুট লম্বা একটি এবং সর্বশেষ আজ সকালে ২৯ ফুট লম্বা হাঙরটি জেলেদের জালে ধরা পড়ে।
