২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান ও আওয়াল ৭ দিনের রিমান্ডে

নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান এবং জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান শায়খ আব্দুর রহমানের জামাতা জেএমবি নেতা আব্দুল আওয়ালকে আরও সাতদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

২০০৫ সালের ১৭ আগস্ট কাজী নজরুল ইসলাম এভিনিউতে বোমা বিস্ফোরণের ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামী মুফতি হান্নান ও আব্দুল আওয়ালকে রিমান্ডে নেয়া হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ও পুলিশি হেফাজতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার বিকেল ৩টায় তাদেরকে সিএমএম কোর্টে প্রেরণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিটেক্টিভ ব্রাঞ্চের ইন্সপেক্টর আবুল হাশেম তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানান।

মুফতি হান্নানের পক্ষে নিযুক্ত আইনজীবী এপিপি এমদাদুল হক লাল ও মোঃ শহীদুল্লাহ আসামীর রিমান্ড বাতিলের আবেদনসহ মামলার সিডিসহ শুনানির আবেদন জানান।

রাষ্ট্রপক্ষে আব্দুল আজিজ খান আসামীদ্বয়ের গুরুত্ব বিবেচনা করে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ড প্রার্থনা জানান।

উভয় পক্ষে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শামসুল আলম সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীদ্বয়কে সাতদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেন।

উল্লেখ্য, হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নানের পক্ষে বুধবারই প্রথম ঢাকার দায়িত্বশীল একজন সহকারি আইনজীবী সরকারের বিপক্ষে মামলা পরিচালনায় অংশ নেন।

ইতোপূর্বে ১৭ আগস্ট ধারাবাহিক বোমা হামলাসহ বিভিন্ন ঘটনায় দায়ের করা মামলায় জঙ্গিদের পক্ষে সরকারি আইনজীবীসহ কোনও আইনজীবী মামলার শুনানিতে অংশ নেননি।

জঙ্গিদের পক্ষে সরকারি আইনজীবী মামলা পরিচালনা করায় ঢাকার আদালত অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে বলে জানা গেছে।

মুফতি হান্নানকে ইতোপূর্বে ১৩ দফায় ৮৯ দিন এবং আব্দুল আওয়ালকে চার দফায় ৩০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।