বরিশালে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ : ১৪৪ ধারা জারি
বরিশাল নগরীর সদর রোড বিবির পুকুর পাড়ে বুধবার ছাত্রদল-ছাত্রলীগ একই স্থানে সমাবেশ আহবান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বুধবার সকাল দশটায় জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মুনিম হাসান ঘটনাস্থলে উপস্থিত থেকে সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে বলে জানানো হয়।
উল্লেখ্য ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর ছাত্রলীগ বিবির পুকুরের দক্ষিণ পাড় রাসেল চত্বরে কয়েক দিন আগেই কর্মসূচি ঘোষণা করে।
নগরীর ৯ ও ১০ নং ওয়ার্ড ছাত্রদল দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে বিবির পুকুর পাড়ে সমাবেশ আহবান করে মঙ্গলবার সন্ধ্যায় নগরীতে মাইকিং করে। তবে সমাবেশের সময় জানানো হয়নি।
বুধবার ছাত্রলীগ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ছয়টায় সোহেল চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করতে আসলে ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগ নেতা তারেককে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং শহরে মহড়া দিতে থাকে।
সকাল দশটার দিকে একটি মিছিল ছাত্রলীগের অনুষ্ঠানে যোগদানের জন্য বরিশাল জেলা স্কুলের সামনে আসলে ছাত্রদল হামলা চালায়।
