২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএমসির নারী ও শিশু অধিকার পরিস্থিতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রয়োজন পর্যাপ্ত তথ্যের। একারনে যারা তথ্য নিয়ে কাজ করছেন তাদের পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়ানো দরকার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধূরী নগরীর এলজিইডি মিলনায়তনে নারী ও শিশু অধিকার পরিস্থিতি ২০০৫ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, এককভাবে কারো পক্ষে নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। এখানে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু রাষ্ট্রের বৈষম্যমূলক চরিত্রের কারনে নির্যাতন বন্ধ করা সম্ভব হচ্ছে না। 

দাতা কনসোর্টিয়াম মানুষের জন্য’র সহায়তায় গণমাধ্যম বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এই সেমিনারের আয়োজন করে।

নির্যাতন প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধূরী বলেন, গণমাধ্যম সৃষ্টি করতে পারে, আবার ধ্বংসও করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানুষের জন্য’র টিম লিডার শাহীন আনাম, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আয়শা খানম এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।

সেমিনারে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু।

অনুষ্ঠানে সংবাদপত্র পরিবীক্ষণ প্রতিবেদন ২০০৫ উপস্থাপন করেন এমএমসি’র প্রোগ্রাম অফিসার খান মো. রবিউল আলম ও শাহাব উদ্দিন নীপু।