চাঁপাইনবাবগঞ্জের বাবু ডাইং এক অপরূপ প্রাকৃতিক বিনোদন স্পট
বরেন্দ্রভূমির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বাবু ডাইং বিনোদনের এক নতুন স্পট হিসেবে আÍপ্রকাশ করেছে। সহস্র বছরের সভ্যতার এ নির্দশন লাল মাটির বুকে ফুটে উঠেছে নতুন ভাবে । বৃক্ষ, পুকুর আর পাখ-পাখালির আনন্দভূবন বাবু ডাইংকে ঘিরে তাই সরকারি উচ্চাভিলাষী পরিকল্পনা গৃহীত হতে চলেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে দশ কিলোমিটার দূরে বাবু ডাইংয়ের পরিচিতি ছিল মূলত দূর্গম বরেন্দ্র পাহাড়ি ভূমি হিসেবে। সামান্য কিছু আদিবাসী বসতি ছাড়া পুরো এলাকাটি ছিল গহীন অরণ্যে ভরা। বিরাট বিস্তীর্ন সমতল বরেন্দ্রতটে কেন এবং কিভাবে সম্পূর্র্ণ পাহাড় সদৃশ এই বাবু ডাইংয়ের উৎপত্তি হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে প্রকৃতি বিজ্ঞানীদের ধারনা সহস্র বছরের ইতিহাস রয়েছে এখানে। হাজার হাজার বছর আগে সাগরের বুক চিরে যখন এই ব-দ্বীপের সৃষ্টি হয়েছিল ঠিক তখনই পার্বত্য দ্বীপালয়ের মতোই এসব ডাইংয়ের মৃত্যু হয়।
মূলতঃ বাবু ডাইং একটি পার্বত্য অঞ্চলীয় জনপদের প্রতিচ্ছবি। প্রায় ৪০০ একর জমির মধ্যে এখানে রয়েছে ছোট-বড় ২৬টি টিলা। রয়েছে ২৫টি পুকুর এবং প্রায় পাঁচ কিলোমিটার লম্বা একটি জলাধার যা মূলত প্রাকৃতিক ঝর্না। এই ঝর্না দিয়ে অবিরাম বয়ে চলেছে পানি। লাখ লাখ বনজ গাছের মাঝে এলাকাটিকে দেখে মনে হবে যেন একটি সুশোভিত ছবি।
মাত্র এক যুগ আগে বাবু ডাইং আবিস্কার করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তৎকালীন নির্বাহী প্রকৌশলী রঞ্জন মিত্র। এর আগে এটি ছিল সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে। এটি আবিস্কারের পর সরকারিভাবে এখানে বৃক্ষরোপন আর পরিচর্যার প্রাথমিক কার্যক্রম হাতে নেয়া হয়।
এলাকাটিতে যাওয়ার জন্য নির্মিত হয়েছে পাকা সড়ক। আধুনিক স্থাপনার মধ্যে
জলাধারটির মুখে নির্মিত হয়েছে একটি ক্রসড্যাম আর কয়েকটি অস্থায়ী বাথরুম। এই বাবু ডাইং এখন মুখরিত অগনিত দর্শনাথীদের ভিড়ে। ভ্রমনপ্রিয় মানুষ কিংবা বনভোজনের দল ছুটে আসে প্রকৃতি সৃষ্ট এই সুন্দর স্থানটিতে। তারা এক টিলা থেকে আরেক টিলায় ছুটোছুটি করে কাটিয়ে দেয় পুরো একটা দিন।
নিরস,বিবর্ণ ও চির শুষ্ক বরেন্দ্রভূমির মাঝে সবুজের এই সমারোহকে তাই কাজে লাগাতে চায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বি এম ডি এ।
জানা গেছে, বাবু ডাইংকে ঘিরে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২৬টি টিলা রয়েছে এই এলাকায়। এর মধ্যে দশটিতে রয়েছে ব্যাপক বৃক্ষ। তবে অপেক্ষাকৃত গাছ কম এমন ১৬টি টিলার গাছের ফাঁকে ফাঁকে নির্মিত হবে অবকাশ কটেজ। থাকবে মিটিং সিম্পোজিয়াম করার মতো স্থান। অবকাশ যাপনের সুবিধা।
থাকবে পুলিশ ফাঁড়ি, পর্যাপ্ত পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এক টিলা থেকে অন্য টিলায় যাওয়ার সহজ ব্যবস্থা। জলাধারটির উপর দিয়ে নির্মাণ করা হবে বেইলী ব্রীজ। পানির স্থিথিকে সুরক্ষিত করার জন্য ইতোমধ্যে আর একটি ক্রসড্যাম নির্মাণ করা হয়েছে । পুকুর গুলো সংস্কার করে ফোটানো হবে শাপলা আর পদ্ম। এসব পুকুরে থাকবে নয়নাভিরাম সব মাছের বিচরণ। আর সৃষ্টি করা হবে প্রাকৃতিক জলাধারকে ঘিরে অপূর্ব এক জলাভূমি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে অপর একটি রাস্তা নির্মাণ করা হবে বাবু ডাইং পর্যন্ত।
এসব পরিকল্পনার কথা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বি এম ডি এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন বিডিনিউজকে। তিনি আরও জানান ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে গেছেন এবং প্রকল্প বাস্তবায়নের আগ্রহও প্রকাশ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদের পৃষ্ঠপোষকতায় রাজশাহী বিভাগীয় কমিশনারকে সভাপতি করে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়েছে।
বরেন্দ্রভূমির রুক্ষ-শুষ্ক মাটিতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই স্পটটি বি এম ডি এ’র পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হলে শুধু চাঁপাইনবাবগঞ্জই নয় বৃহত্তর রাজশাহী অঞ্চল ছাড়িয়ে বাংলাদেশের অন্যতম বিনোদন স্পটে পরিণত হবে। বদলে যাবে চাঁপাইনবাবগঞ্জের চিরচেনা অর্থনৈতিক সামাজিক দৃশ্যপটও।
