খুলনায় পুলিশ ফাঁড়িতে বোমা হামলা
বুধবার গভীর রাতে নগরীর শিরোমনি পুলিশ ফাঁড়ি এবং রাত সাড়ে নয়টায় ফুলবাড়ী এলাকায় সন্ত্রাসীরা বোমা হামলা চালায়।
বুধবার রাত একটায় শিরোমনি পুলিশ ফাঁড়িতে অজ্ঞাত সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। বোমাটি ফাঁড়ির দেয়ালে লেগে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় একটি সাদা প্রাইভেট কার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রাত সাড়ে নয়টায় নগরীর ফুলবাড়ী গেট এলাকায় কেসিসির দুই নং ওয়ার্ড কমিশনার শেখ ইউনুস আলীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি প্রাণে বেঁচে যান।
এক রাতে দুইটি বোমা হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
