সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে ২ সাবেক সেনাসদস্য আটক
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার র্যাব সদস্যরা বেশ কিছু জাল সিলমোহর রাখার অপরাধে দুই সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ল্যান্স কর্পোরাল (অব.) আনোয়ার হোসেন এবং অবসরপ্রাপ্ত সিপাহি নজরুল ইসলাম। গ্রেপ্তারকৃত দু’জনেরই বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
সুপ্রীম কোর্ট প্রতিনিধি জানান, র্যাব সদস্যরা সকাল ১১টার দিকে ব্যাগ তল্লাশি করে তাদের গ্রেপ্তার করে। র্যাব তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তার জাল সিলমোহর ও প্যাড উদ্ধার করে।
র্যাব-৩ এর হাবিলদার রেজাউল হক জানান, গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে র্যাবের জিঞ্জাসাবাদে কোন অপরাধ না পাওয়ায় এদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও তিনি জানান।
