জমে ওঠেনি কোরবানির পশুর হাট, এ বছর দাম বেশ চড়া
এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট। এবারের ঈদের হাটে কোরবানির পশুর আমদানি পর্যাপ্ত থাকলেও এ বছর দাম বেশ চড়া। এবার চাঁদাবাজি কমলেও ভারতীয় পশুর আমদানি কমে যাওয়ায় পশুর দাম বেশ চড়া বলে জানা গেছে।
ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীর স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে এখনো বিক্রি শুরু না হলেও ইজারাদার এবং বিক্রেতারা তাদের প্রস্তুতি চূড়ান্ত করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রোববার নাগাদ পুরোদমে বিক্রি শুরু হতে পারে।
এদিকে পশুর হাটে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি ঠেকাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজার জমে উঠলেই হাটগুলোর নিরাপত্তায় র্যাব মোতায়েন করা হবে বলে জানা গেছে।
শুক্রবার ঢাকার ধুপখোলা খেলার মাঠে পশুর হাটে গিয়ে দেখা যায়, বাজারে ক্রেতাদের উপস্থিতি না থাকলেও দর্শণার্থী প্রচুর। অনেকেই কোরবানির পশু পছন্দ করতে বাজার ঘুরছেন। আবার কেউ হাট ঘুরে বাজারটা যাচাই করে দেখছেন।
তবে ইজারাদার পক্ষের লোকজন জানান, এখনো ওই হাটে কোনো পশু বিক্রি হয়নি। পশু রক্ষণাবেক্ষন ও খাওয়ানোর ঝামেলা এড়াতে ঈদের তিনদিন আগে রোববার থেকেই মূলত: নগরবাসী পশু কিনতে শুরু করবে। তাই এর আগে হাট জমে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ।
হাটে দেখা যায়, ফরিদপুর থেকে নয়টি গরু নিয়ে এসেছেন আমজাদ হোসেন, রহমান মিয়া ও নাজমুল।
আমজাদ বিডিনিউজকে জানালেন, নয়টি গরুর মধ্যে তিনটি তাদের পালের গরু। যাতায়াত ও ঈদের খরচ পুষিয়ে নিতে বাকি ছয়টি তারা স্থানীয় হাট থেকে কিনে এনেছেন। মাঝারি আকৃতির ওই ছয়টি পশুর প্রতিটির জন্যে তাদের স্থানীয় বাজারেই দাম পড়েছে গড়ে ১৫ হাজার টাকা। এসব গরুর প্রতিটির জন্যে এখানে তারা দাম হাঁকছেন ২০ হাজার টাকা।
তবে প্রতিটি গড়ে ১৭ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত দাম উঠলেই তারা বিক্রি করবেন।
তার মতে, এসব গরুর দাম গত বছর ঈদের হাটে ছিল সর্বোচ্চ ১৩ থেকে ১৪ হাজার টাকা। এবার চাঁদাবাজি কমলেও বিভিন্ন সীমান্তে তাঁর কাটার বেড়া নির্মাণ হওয়ায় সীমান্ত পেরিয়ে ভারতীয় পশুর আমদানি কমে গেছে। এ কারণে শুধুমাত্র বৈধভাবে ভারত থেকে আমদানি করা পশুই এবারের বাজারে মূল ভরসা। এজন্যই এবার পশুর দাম বেশ চড়া।
বাজার জমে উঠলে দাম আরো বাড়তে পারে বলে বিক্রেতাদের আশংকা।
গাবতলী পশুর হাটে পাইকারি ক্রেতা সিরাজগঞ্জের জনৈক রহমত আলী ৯০ হাজার টাকায় ভারত থেকে আসা দুটি উট কিনে নেন। বিক্রেতাকে মূল্য পরিশোধ করার আগেই তিনি সাধারণ ক্রেতাদের কাছে উট দুটির দাম হাঁকেন এক লাখ টাকা।
রহমত আলী বিডিনিউজকে জানান, দিনের মধ্যে কারো কাছে বিক্রি করতে পারলেই তার লাভ হবে ১০ হাজার টাকা।
মানিকগঞ্জের সজল মিয়া দুটি ছাগল নিয়ে ঢাকায় এসেছেন মঙ্গলবার সকালে। তার নিজের পালিত ছাগল দুটি তিনি ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করবেন। চাঁদাবাজী না থাকলে ছাগল দুটি তিনি দাম আট হাজার টাকায় বিক্রি করতে পারতেন।
ঈদ উপলক্ষে এ বছর রাজধানী ঢাকার গাবতলীর স্থায়ী পশু হাটের পাশাপাশি ১৫টি অস্থায়ী পশুর হাট বসানো হচ্ছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ব্যবস্থাপনায় এসব হাট বসানো হবে।
হাটগুলো বসছে নগরীর আরমানিটোলা, খিলক্ষেত টানপাড়া, জিগাতলা, গোলাপবাগ, রহমতগঞ্জ, ধুপখোলা মাঠ, হোসনি দালান সড়ক, ব্রাদার্স ইউনিয়ন, কমলাপুর বালুরমাঠ, উত্তরা, মেরাদিয়া বাজার, তেজগাঁও ট্রাক টার্মিনাল, আগারগাঁও তালতলা, পোস্তগোলা এবং শাহজাহানপুর সানরাইজ ক্লাব মাঠে।
