ঈদ সামনে রেখে চাল, পেঁয়াজ, রসুনের দাম বেড়েছে
ঈদকে সামনে রেখে রাজধানীর কাঁচাবাজারগুলোতে মোটা চাল, পেঁয়াজ, ভোজ্য তেল, ডাল, রসুন ও আদাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে শুরু করেছে।
চলতি সপ্তাহে মোটা চালের দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি এক টাকা বেড়েছে। শুক্রবার খুচরা বাজারে বিআর--২৯ ও পারিসহ মোটা চাল বিক্রি হয়েছে প্রতি কেজি ২০ টাকা দরে।
মিনিকেটসহ সকল পুরনো ও নতুন মাঝারি মানের চালের দামও এ সপ্তাহে কেজি প্রতি এক টাকা বেড়ে ২৮ থেকে ২৯ টাকায় বিক্রি হচ্ছে।
লালবাগের খুচরা বিক্রেতা সোহাগ জানান, তিনি শুক্রবার এক মণ বিআর- ২৯ চাল কিনেছেন ৭২০ টাকা দিয়ে যা গত সপ্তাহে ছিলো ৬৭৫ টাকা।
এদিকে দেশি বিদেশি সকল প্রকার পেঁয়াজের দাম আরও এক দফা বেড়েছে। গত সপ্তাহে যেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিলো ১৮ থেকে ২০ টাকা চলতি সপ্তাহে তা বিক্রি হয়েছে ২২ থেকে ২৪ টাকায়।
পাইকারি বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে সাড়ে ৪৪ টাকায়, কিন্তু খুচরা বাজারে এর দাম ছিলো ৫০ থেকে ৫৪ টাকা। তবে চিনির দাম গত সপ্তাহের মতো ৪৮ টাকাই রয়েছে।
খুচরা বাজারে বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটার ৫৬ টাকা।
ভোজ্য তেলের দাম বৃদ্ধি সম্পর্কে কারওয়ান বাজারের ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় সয়াবিনের দাম বেড়েছে।
এদিকে জিরা, দারুচিনিসহ বিভিন্ন ধরনের মসলার দাম অপরিবর্তিত রয়েছে। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা আবু ঈদের আগে মসলার দাম আর বাড়বে না বলে আশা প্রকাশ করেন।
তবে রসুনের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারে প্রতি কেজি মসুরের ডাল বিক্রি হয়েছে ৪৬ থেকে ৪৭ টাকায়। তবে খুচরা বাজারে এর দাম ৫০ থেকে ৫২ টাকা। মুগ ডাল বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০ টাকায়।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অব্যাহত মূল্যবৃদ্ধির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে লালবাগের খুচরা বিক্রতা ফারুক বলেন, সরকার যদি বাজারগুলোতে নজরদারি রাখে তবে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব।
শীতকালীন সবজির মধ্যে আলু, কাঁচা মরিচ, সীম ও মূলার দাম কমেছে। তবে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, গাজর, টমেটো, লাল শাক, পালং শাকের দাম আগের মতোই রয়েছে।
