সংঘর্ষে অশান্ত হয়ে উঠছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠন এবং নিজ দলের বিভিন্ন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সৃষ্ট সংঘর্ষে সম্প্রতি দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত হয়ে উঠেছে।
সম্প্রতি সময়ে বিভিন্ন কারণে উত্তপ্ত হয়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে-ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (বুয়েট) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিবাদমান দুই গ্রুপের লাগাতার সংঘর্ষের তৃতীয় দিনে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সামনেই প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে ছাত্রদলের ২০ জন নেতাকর্মী আহত হয়। সংঘর্ষ চলাকালে যুগান্তরের ফটোসাংবাদিক নজরুল ইসলাম জুলুকে ছাত্রদল ক্যাডার রুমেল, মিরান , আকরাম , মেহেদী ও ইকরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে। শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে উপাচার্যের সাথে বৈঠক করতে গেলে এ ঘটনা ঘটে। পুলিশী হামলায় অর্ধ শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ২০ জন ছাত্রকে পিঠমোড়া করে বেঁধে পুলিশ থানায় নিয়ে গেছে।
ক্রেডিট ফি কমানোর জন্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল।
২৮ সেপ্টেম্বর বুধবার মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রুপের হামলায় সভাপতি গ্রুপের পাঁচ জন আহত হয়েছে। ঘটনার পর সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা মীর মোশাররফ হোসেন হলের ৪০টি কক্ষ ভাঙচুর এবং ২০/২৫ রাউন্ড গুলিবর্ষণ করে।
২৮ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বাম ছাত্র সংগঠনের মিছিলে ছাত্রদলের হামলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কমপক্ষে ১১ জন কর্মী আহত হয়েছে।
ছাত্রদল কর্মীরা কর্তব্যরত ফটো সাংবাদিক আজাদ ও জীবন এবং পুলিশ কনস্টেবল শাহীন ও জামিকেও মারধোর করে।
বুয়েট উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার ছাত্ররা অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয়। পরে তা প্রত্যাহার করে নেওয়ায় বুধবার সকালে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
ছাত্ররা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বুয়েটেও দুর্গাপূজা উপলক্ষে সাতদিনের ছুটির দাবি জানিয়েছে। তাদের এ দাবি সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. আলী মোর্তজা বলেন, মাত্র ২০ শতাংশ ছাত্রের জন্য ৮০ শতাংশ ছাত্র ভোগান্তির শিকার হতে পারে না। বিশ্ববিদ্যালয় কোনও অবস্থাতেই বন্ধ রাখা হবে না।
এদিকে মঙ্গলবার উপাচার্যের সাথে দুর্ব্যবহারকারিদের বিরুদ্ধে শৃৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।
মঙ্গলবার কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্ররা ভিসির ওপর হামলা চালালে তিনি মসজিদে আশ্রয় নেন।শিক্ষার্থীরা সাতদিন ছুটির দাবিতে ২৪ সেপ্টেম্বর ক্যাম্পাসে মানববন্ধন এবং ২৫ সেপ্টেম্বর প্রতীক অনশন কর্মসূচি পালন করে।
২৩ সেপ্টেম্বর শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় জসিমউদ্দিন হলে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে কমপেক্ষ ২৫ জন আহত হয়।
প্রথম বর্ষের এক ছাত্রকে হলে কক্ষে উঠানোকে কেন্দ্র করে হলের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন এবং সাংগঠনিক সম্পাদক মনির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তুহিন গ্রুপের ছেলেরা মনিরের ৪২৩ নম্বর কক্ষে গিয়ে তাকে মারধর করে। এ ঘটনার পর মনির গ্রুপের ছেলেরাও মাঠে নামলে দু’গ্রুপের মধ্যে এলোপাতাড়ি সংঘর্ষ শুরু হয়। ছাত্রদলের ছেলেরা এ সময় লোহার রড ও লাঠিসোটা নিয়ে পরষ্পরের কক্ষ ভাংচুর করে। হলের উত্তর ব্লকের অর্ধ শতাধিক কক্ষ ভাংচুর করা হয়।
