র্যাব ও পুলিশের ক্রসফায়ারে দোহার, মেহেরপুর ও কুষ্টিয়ায নিহত ৩
র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এবং পুলিশের সাথে ক্রসফায়ারে শুক্রবার ঢাকার অদূরে দোহার, কুষ্টিয়া ও মেহেরপুরে দুই অভিযুক্ত সন্ত্রাসী ও এক চরমপন্থী নেতা নিহত হয়েছে।
বিডিনিউজ দোহার প্রতিনিধি জানান, ঢাকার দোহার উপজেলায় শুক্রবার ভোরে র্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বাচ্চু খান (২৬)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নারিশা ইসলামাবাদ স্কুলের কাছ থেকে র্যাব-৪ এর একটি দল বাচ্চুকে গ্রেফতার করে। সে জানায় রুহিতপুর এলাকায় একটি বাড়িতে তার দলের সদস্যদের ডাকতি করার পরিকল্পনা রয়েছে। বাচ্চুর দেওয়া তথ্য অনুসারে র্যাব তাকে নিয়ে শুক্রবার ভোররাতে রুহিপুর বিলের ধারে আসলে তার সহযোগীরা র্যাবকে উদ্ধেশ্য করে গুলিবর্ষণ করতে থাকে। পুলিশও পাল্টা গুলি বর্ষন করে এতে ক্রসফায়ারে বাচ্চু নিহত হয়।
দোহার থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউকে জানান, বাচ্চুর তিনটি হত্যা ও দু’টি ডাকাতি মামলা সহ সাতটি মামলার আসামি। দুটি মামলায় দ্রুত বিচার আদালতের সাজা প্রাপ্ত আসামি বাচ্চু দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুরে শুক্রবার ভোরে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা আনিসুর রহমান ওরফে আনিস (২৮) নিহত হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মিরপুর থানার কুর্শা ইউনিয়নের খালমাগুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্রভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য দেয়। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তাকে নিয়ে অভিযানে বের হয়। শুক্রবার ভোর রাতে দিকে মিরপুরের কাটাদহের চর এলাকার মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা আনিসকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। এসময় উভয় পক্ষের মধ্যে আধা ঘন্টা গুলি বিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে আনিস পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অবস্থা বেগতিক দেখে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ দুটি শার্টারগান ও কয়েক রাউণ্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত আনিসের বিরুদ্ধে কুষ্টিয়া, মিরপুর, ঝিনাইদহ ও আলমডাঙ্গা থানায় একাধিক হত্যা, ধর্ষণ ও অপহরণ মামলা রয়েছে।
মেহেরপুর প্রতিনিধি জানান, শুক্রবার সকালে র্যাবের ক্রসফায়ারে পুলিশের অভিযুক্ত সন্ত্রাসী আজিজুল হক (৪২) নিহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গজনি উপজেলার বামুন্দিবাজার ইউনিয়ানের ঈদগাঁপাড়া এলাকা একটি বাড়ি থেকে র্যাব আজিজুলকে গ্রেফতার করে।
আজিজুলের দেওয়া তথ্য অনুসারে র্যাব তাকে নিয়ে ঈদগাঁপাড়া এলাকা অস্ত্র উদ্ধার আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা আজিজুলকে ছিনিয়ে নিতে র্যাবের ওপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। গোলাগুলির এক পর্যায়ে আজিজুল র্যাব হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
