বাগেরহাটে একটি প্রশিক্ষণ ক্যাম্পে ২৬ জেএমবি সদস্য প্রশিক্ষণ নিয়েছিলো
বাগেরহাটের মোল্লারহাটে ২০০৩ সালে একটি প্রশিক্ষণ ক্যাম্পে ২৬ জেএমবি সদস্যকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিলো।
মোল্লারহাট থেকে আটক দুই জেএমবি সদস্য পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারাও ওই প্রশিক্ষণে অংশ নেয়। বাগেরহাট গোয়েন্দা পুলিশ ১৭ আগস্টের বোমা হামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে মাওলানা মিজানুর রহমান (৪০) ও শেখ ইরান মাওলা (২৫) নামের ওই দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মাওলানা মিজানুর রহমান মোল্লারহাটের রাজপাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এবং ইরান ঐ মাদ্রাসার শিক্ষক গোলাম মাওলার পুত্র।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, মোল্লারহাটের বুড়িগাংনী গ্রামের একটি প্রশিক্ষণ শিবিরে তারাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৬ জেএমবি সদস্য ২০০৩ সালে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। ঐ সময়কালে জেএমবি নেতা সিদ্দিকুর রহমান বাংলাভাই বাগেরহাটের মোল্লারহাটে এসেছিলেন বলে তারা জানায়।
এদিকে বোমা বিস্ফোরণের মামলায় রিমাণ্ডে থাকা মোল্লারহাট সারুলিয়া আহলে হাদিস মসজিদের ইমাম দাউদ শেখকে ৫ দিনের রিমাণ্ড শেষে শনিবার আদালতে প্রেরণ করা হবে। গত ৯ সেপ্টেম্বর পুলিশ তাকে বোমা মামলায় গ্রেফতার করে।
