২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ধর্মঘটের প্রভাব পড়েছে ঢাকার আকাশে

বেসরকারিকরণের প্রতিবাদে ভারতজুড়ে ডাকা ধর্মঘটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা বিমানবন্দর। বৃহস্পতিবার ঢাকা-কলতাকা রুটে সরকারি-বেসরকারি কোনও ফ্লাইটই চলেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 06:08 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা-কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জিএমজি এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের অন্তত নয়টি ফ্লাইট বাতিল করা হয়।

ধর্মঘটের কারণে বিমানের সকাল সাড়ে ১০টা ও বিকেল ৪টা, জিএমজির সকাল সাড়ে ৯টা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্সের সকাল ১১টা ৫০ এবং বিকেল ৩টা ৫০ মিনিটের কলকাতাগামী ফ্লাইট বাতিল করা হয়।

অন্যদিকে একইভাবে কলকাতা-ঢাকা রুটে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্সের বেলা ১২, বেলা ২টা, বিকেল ৩টা ও ৪টার ফ্লাইট বাতিল করা হয়।

বিডিনিউজ-এর কলকাতা প্রতিনিধি জানান, বুধবারই ভারতের বেসরকারি বিমান সংস্থা জেট এয়ার ও এয়ার সাহারা বৃহস্পতিবার তাদের কলকাতা থেকে সব ফ্লাইট বাতিল করে। ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে এয়ার ইন্ডিয়া এবং বাংলাদেশ বিমানও। ডেকান জানিয়েছে, সন্ধ্যায় তাদের চেন্নাই ফ্লাইট চলবে। তাদের বাকী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। সরকারি সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে ফ্লাইট বাতিলের ঘোষণা না দিলেও ৮০ শতাংশ টিকিট বাতিল হয়ে যাওয়ায় তাদের অধিকাংশ ফ্লাইটই চলেনি।