২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫ সালকে বিজ্ঞান গ্রন্থ বর্ষ ও বাংলা নববর্ষের প্রথম দিনকে বই উপহার দিবস হিসাবে প্রধানমন্ত্রীর ঘোষণা

২০০৫ সালকে বিজ্ঞান গ্রন্থ বর্ষ ও বাংলা নববর্ষের প্রথম দিনকে বই উপহার দিবস হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে বৃহস্পতিবার সংবাদ সন্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বিজ্ঞান গ্রন্থবর্ষ-২০০৫ বাস্তবায়নের কার্যক্রম তুলে ধরার সময় এ কথা জানান।

তিনি জানান, ২০০৫-০৬ অর্থ বছরে এ উদ্দেশ্য সফল করতে সরকার ৩১ লাখ ৭২ হাজার ৮০০ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২ লাখ ৫০ হাজার টাকা, গ্রন্থাগার অধিদপ্তর ৬ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা, জাতীয় গ্রন্থকেন্দ্র ১৫ লাখ, বাংলা একাডেমি ৬ লাখ ৭২ হাজার টাকা, স্মারক ডাকটিকেট প্রকাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের অনুকুলে ৯১ হাজার টাকা বরাদ্দা দেয়া হয়েছে।

গ্রন্থবর্ষের বিভিন্ন কর্মসুচির মধ্যে বাংলা একাডেমির প্রকাশিত বিভিন্ন ধরনের বিজ্ঞান বিষয়ক গ্রন্থের লেখকদের মধ্যে ৫ জনকে শ্রেষ্ঠ লেখক নির্বাচিত এবং এদের এক ভরি ওজনের স্বর্ণ পদক ও ৫০ হাজার টাকা নগদ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাত দিন ব্যাপী বিজ্ঞান বিষয়ক চলচিত্র প্রদর্শন এছাড়াও প্রধান মন্ত্রী ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন পত্র ও উপহার প্রদান করবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ ব্যাপারে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করবে।

সন্মেলনে আরও জানানো হয়, সংস্কৃতি মন্ত্রনালয় গত ২০০১-০২, ২০০২-০৩ ও ২০০৩-০৪ অর্থবছরে যথাক্রমে ৮৭২ টি, ৭৯৪ টি এবং ৮৭১ টি বেসরকারি লাইব্রেরীকে এক কোটি টাকা করে প্রদান করে। এবার ২০০৪-০৫ অর্থবছরে ১০৯০ টি লাইব্রেরিকে সরকার দেড় কোটি টাকা অনুদান দিয়েছে।

এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এহসান শামীম, বাংলা একাডেমির মহাপরিচালক আবুল কালাম মন্জুর মোরশেদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক আহমেদ নাজীর, আবু সালেহসহ মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।