দেশে গড়ে ৫৯ শতাংশ মানুষ স্যানিটেশন সুবিধা ভোগ করছে
দুবছরে দেশে স্যানিটেশন ব্যবস্থার ২৬ শতাংশ উন্নতি হয়েছে। চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশে গড়ে ৫৯ শতাংশ মানুষ স্যানিটেশন সুবিধা ভোগ করছে।
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সভা কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। অক্টোবর মাসকে স্যানিটেশন মাস হিসেবে পালন করা হবে বলে ব্রিফিংয়ের জানানো হয়।
মন্ত্রী বলেন, সরকার আগামী ২০১০ সালের মধ্যে পুরো দেশে স্যানিটেশন সুবিধা নিশ্চিত করবে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, সিটি করপোরেশন এলাকাগুলো এখন দেশের সর্বোচ্চ স্যানিটেশন সুবিধা ভোগ করছে। এসব এলাকায় ৭৫ শতাংশ মানুষ স্যানিটেশন সুবিধা পাচ্ছে। সবচেয়ে কম সুবিধা ভোগ করছে গ্রামের মানুষ। গ্রামে স্যানিটেশন কভারেজ ৫৭ শতাংশ। তবে পৌর এলাকাগুলোতে এর হার প্রায় ৭৪ শতাংশ।
তিনি আরো জানান, এ বছরের জুন মাস পর্যন্ত দেশের ৪৮২টি ইউনিয়ন, ১৪টি পৌরসভা ও ২৫ উপজেলায় একশ ভাগ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী মান্নান ভূঁইয়া বলেন, স্যানিটেশন কার্যক্রম সফল করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) প্রায় ২৬৭ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রথম পর্যায়ে বরাদ্দকৃত ৪০ কোটি টাকার মধ্যে ২৫ কোটি টাকা ইতিমধ্যে ব্যয় হয়েছে। বাকী ১৫ কোটি টাকার কাজ এখনো চলছে।
তিনি স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমসহ বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা মহানগরীর স্যানিটেশন সমস্যার সমাধানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি আধুনিক গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু স্থান সমস্যার কারণে মাত্র ৪০টি নির্মাণ করা সম্ভব হয়েছে। বাকী ৬০টি গণশৌচাগার নির্মাণের প্রক্রিয়া উদ্যোগ নেওয়া হলেও স্থান পাওয়া যাচ্ছে না।
