২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের আগে যৌন অভিজ্ঞতা: ভেঙে পড়ছে প্রচলিত মূল্যবোধ

বাংলাদেশের সমাজে বিয়ের আগে যৌন অভিজ্ঞতা বিষয়ে প্রচলিত মূল্যবোধ ভেঙে পড়ছে। সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে বিয়ের আগেই যৌন সম্পর্ক গড়ে তুলছে তরুণ-তরুণীরা। পাশাপাশি যৌন স্বাস্থ্য বিষয়ে অজ্ঞতার কারণে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

‘রোমান্স অ্যান্ড প্লেজার, আন্ডারস্ট্যান্ডিং দ্য সেক্সুয়াল কন্ডাক্ট অব ইয়াং পিপল ইন ঢাকা, ইন দ্য ইরা অব এইচআইভি অ্যান্ড এইডস’ বইয়ে এ কথা বলা হয়েছে।

ড. লাজিনা মুনার লেখা এবং ইউনিভর্সিটি প্রেস লি. প্রকাশিত বইটির প্রকাশনা উৎসব মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ঢাকার প্রচলিত সামাজিক ও সাংস্কৃতিক অবস্থায় তরুণদের মধ্যে যৌন সম্পর্ক, সম্পর্কের বিভিন্ন মাত্রা এবং যৌনস্বাস্থ্য সর্ম্পকিত বিভিন্ন ঝুঁকি নিয়ে গবেষণায় প্রাপ্ত ফলাফল লাজিনা মুনা তার বইয়ে তুলে ধরেন।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত অ্যাউড লিসে নরহেইম। বইটির মোড়ক উন্মোচনের মাধ্যমে তিনি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাষ্ট্রদূত বিদ্যালয়ের পাঠ্যসূচিতে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিসেফের প্রোগ্রাম কমিউনিকেশন কর্মকর্তা ড. জুডিথ গ্রায়েফ, নিউএজ পত্রিকার সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল আহসান এবং ইউপিএলের পক্ষে ড. নিয়াজ জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ৫৩ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে গ্রন্থে গবেষক আমাদের চোখ খুলে দিয়েছেন। এ গ্রন্থটি বিতর্কের জন্ম দিতে পারে।

গবেষণায় ড. মুনা দেখিয়েছেন, তরুণদের যৌন সম্পর্ক সমাজ নীরবে উপক্ষো করে। কিন্তু তরুণীরা তত ভাগ্যবান নয়। তরুণীদের ক্ষেত্রে বিষয়টি নেতিবাচক হিসেবে দেখা হয় এবং কথিত গোপন সম্পর্ক প্রকাশ হয়ে পড়লে সমাজে তাদের লাঞ্ছনা ও গঞ্জনার শিকার হতে হয়।

ড. মুনা উল্লেখ করেন, বিয়ের আগে যৌন সম্পর্ক বিষয়ে তরুণদের তুলনায় তরুণীরা উদার দৃষ্টিভঙ্গি পোষণ করে। তবে বেশির ভাগ সাক্ষাৎকারদাতারই নিজেদের যৌন অভিজ্ঞতা ছিল না। তরুণদের অনেককে ‘দ্বিমুখী সম্পর্ক’ বজায় রাখতে দেখা যায়। কোনও কোনও তরুণ মনে করে, বিয়ের আগে তরুণীদের যৌন সম্পর্ক করা উচিত নয়। আবার দেখা গেছে, ওই তরুণরাই যৌন সম্পর্কে অভ্যস্ত।

ড. মুনার গবেষণা অনুযায়ী, মেয়েদের এক চতুর্থাংশ রোমান্টিক জুটির মধ্যে যৌন সম্পর্ক রয়েছে। ভালবাসা, অঙ্গীকার এবং বিয়ের সম্ভবনায় তরুণীরা সামাজিক বিধিবিধান ভেঙে সম্পর্ক গড়ে তুলে।

গ্রন্থে ড. মুনা আরও জানান, প্রায় অর্ধেক তরুণের একাধিক সঙ্গিনী আছে। এর মধ্যে বিবাহিত নারী ও যৌনকর্মীও রয়েছে।

ড. মুনার গবেষণায় আরও দেখা গেছে, মধ্যবিত্ত শ্রেণীর কলেজ পড়ুয়া অবিবাহিত ছাত্রদের মধ্যে আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার প্রবণতা এবং এ বিষয়ে ধারণা খুবই কম।

জন্মনিয়ন্ত্রণ ও নিরাপদ যৌনতা বিষয়ে তিনি লিখেছেন, যৌনজীবনে সক্ষম মানুষ আধুনিক ও সনাতন-দু’ ধরনের পদ্ধতিই ব্যবহার করে।

ড. মুনাকে সাক্ষাৎকার প্রদানকারী ১৯ বছরের এক তরুণী জানায়, ২২ বছর বয়েসী এক পুরনো বন্ধুর সঙ্গে ১৫ বছর বয়সে তার প্রথম যৌন অভিজ্ঞতা হয়। যৌন মিলনের ফলে গর্ভবতী হওয়ার বিষয়টি সে জানত না। তার বিশ্বাস ছিল, যৌন সম্পর্ক নয়, বরং বিয়ের ফলেই নারীরা গর্ভবতী হয়।

গবেষণায় ড. মুনা উল্লেখ করেন, অনিরাপদ যৌন মিলনে এইচআইভি ভাইরাস সংক্রমণসহ মারাত্মক ঝুঁকি থাকে।

নিরাপদ যৌনতা বা ভাইরাস সংক্রমণ বিষয়ে কেউ কেউ স্পষ্ট ধারণা রাখেন না। একজন তরুণী বিষয়টিকে ‘বিকৃত যৌনতা’ বলে উল্লেখ করেছেন।