মমিনকে হত্যার জন্য সন্ত্রাসী তাজের সাহায্য চেয়েছিল ওসি রফিক : গ্রেফতারকৃত জিয়া, আরও দুজন গ্রেফতার
মিরপুরের কলেজ ছাত্র কামরুল ইসলাম মমিন হত্যাকাণ্ডের সঙ্গে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের যোগসূত্রের কথা স্বীকার করেছে এ হত্যা মামলার অন্যতম আসামি জিয়া।
জিয়াকে উদ্ধৃত করে এক র্যাব কর্মকর্তা বলেন, মমিনকে হত্যার জন্য সাহায্য চেয়ে ওসি রফিক মিরপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী তাজকে ফোন করেছিল।
নাম প্রকাশ না করার শর্তে ওই র্যাব কর্মকর্তা বলেন, জিয়া স্বীকার করেছে যে, ওসি রফিকের ফোন পেয়ে সন্ত্রাসী তাজ মমিনকে হত্যার জন্য হাজী শাহ আলম, মেহেদী ও তাদের অন্য সহযোগীদের নির্দেশ দেয়।
র্যাব সদস্যরা রোববার মমিন হত্যাকাণ্ডের ঘটনায় এফআইআরভুক্ত জিয়া ও তুহিনকে গ্রেফতার করে। তবে এ গ্রেফতারের কথা প্রকাশ করা হয় সোমবার।
মমিন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জিয়াকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মাসুক হাসান আহমেদ। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান।
মমিন হত্যাকাণ্ডের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে। তবে মূল আসামি ওসি রফিককে এখনও গ্রেফতার করতে পারেনি তারা। ওসি রফিক ক্ষমতাসীন দলের একদল নেতার আশীর্বাদে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
১৩ সেপ্টেম্বর সকালে ছাত্রলীগ নেতা মমিন খুন হয়।
ঘটনার পর নিহতের পিতা আব্দুর রাজ্জাক ওসি রফিকসহ ২৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান ওসি রফিককে ক্লোজ করেন।
সুত্র জানায়, এ মামলার অপর আসামি জনিকে ২০ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জনি ২২ সেপ্টেম্বর ১৬৪ ধারায় আদালতকে দেওয়া জবানবন্দিতে মমিন হত্যাকাণ্ডের সঙ্গে ওসি রফিকের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জনিকে উদ্ধৃত করে সূত্র জানায়, তুহিন তাকে অস্ত্র দেওয়ার পর জনি এ হত্যাকাণ্ডে অংশ নেয়। তবে সে গুলি করেনি বলে জানায় জনি।
এদিকে গ্রেফতারকৃত জিয়া ও তুহিনও মমিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে ওসি রফিকের নাম বলেছে। র্যাব সদস্যরা রোববার ও সোমবার তাদেরকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, জিয়া ও তুহিন জানিয়েছে, ওসি রফিকের নির্দেশে এ হত্যকাণ্ড ঘটানো হয়।
গ্রেফতারকৃত জিয়া ও তুহিন স্বীকার করেছে, তারা মমিন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। তবে হত্যাকাণ্ডের সময় কোনও গুলি ছোঁড়েনি বলে তারা দাবি করে।
