সিলেটে বিডিআর-বিএসএফ আটককৃতদের ছেড়ে দিয়েছে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাদুয়া সীমান্তে বিডিআর ও বিএসএফ এর মধ্যে সোমবার অনুষ্ঠিত ক্যাম্প কমান্ডার পর্যায়ে দু’দফা পতাকা বৈঠকের মধ্যে সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে দুপক্ষের হাতে আটক লোকজন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
রোববার বিকেল সাড়ে তিনটায় পাদুয়া সীমান্তে বাংলাদেশী ভূ-খন্ডে ঢুকে বিএসএফ তিন বাংলাদেশী নাগরিক আব্দুল মালেক (৩৫), ওয়াহিদ মিয়া (২০) এবং আব্দুল আলিম (২৫)কে ধরে নিয়ে যায়।
এ ঘটনার দু’ঘন্টা পর বিডিআর জোয়ানরা অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী ভূ-খন্ড থেকে দুই ভারতীয় নাগরিক বীর দাস (২৫) ও রতন সাঁওতালকে আটক করে। ওই দিন রাত সাড়ে ৯টায় আরো আট ভারতীয়কে জাফলং চা বাগান থেকে আটক করে বিডিআর জোয়ানরা।
আটককৃত ভারতীয় নাগরিকরা হচ্ছে, বীণা কর্মকার (২২), চন্দন কেরালাল (১৬), উকিল কর্মকার (২৫), অনন্ত লায়েক (৩৫), যমিনি নাথ (২৭), সলীল শেঠী (৩৫), রঞ্জন চাষা (৪২) ও পলট গোয়ালা (৪০)। এদের বাড়ি ভারতের মেঘালয় রাজ্যের শিলংএ।
সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর বিডিআর আটককৃত ভারতীয়দের এবং বিএসএফ আটককৃত বাংলাদেশীদের ছেড়ে দেয়।
