এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে ৮১ শতাংশ
২০০৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ হাজার ৫ শ’ ৩৪ জন জিপিএ-৫ পেয়ে রেকর্ড সৃষ্টি করেছে।
২০০৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৩ হাজার ৪৭ জন। ২০০৩ সালে গ্রেডিং পদ্ধতি চালুর বছরে এ সংখ্যা ছিল মাত্র ২০।
২০০৪ সালের চেয়ে এ বছর জিপিএ-৫ বেড়েছে ৮১ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮ শ’ ০১ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ১ শ’ ৭৭ জন। যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৪ শ’ ৯২ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৪শ’ ৮৫ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২ শ’ ৯২জন। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১ শ’ ৫১ জন এবং সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ১ শ’ ০৮ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। অপরদিকে, উচ্চ মাধ্যমিক(ব্যবসা ব্যবস্থাপনা) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে দুই জন।
শিক্ষামন্ত্রী ড.ওসমান ফারুক উচ্চ মাধ্যমিক পরীক্ষার এ ফলাফলকে ‘সন্তোষজনক অগ্রগতি’ বলে অভিহিত করেছেন।
ঢাকা বোর্ডের অধীনে নটরডেম কলেজ ৬ শ’ ৮৩ টি জিপিএ-৫ পেয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। ভিকারুননিসা নুন কলেজ ৩শ’ ০৭ টি জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সিটি কলেজ ১৬৮ টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।
