বাঘ সংরক্ষণে ক্রসবর্ডার প্রকল্পে যোগ দিয়েছে ভারত
বাঘ সংরক্ষণের স্বার্থে এবং পাচার রোধে ভারত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও রাশিয়াসহ সাতটি দেশের সঙ্গে ক্রসবর্ডার প্রকল্পে যোগ দিয়েছে।
এ বন্যপ্রাণীর শিকার ও বাণিজ্যের কারণে পরিবেশবিদরা ক্রমেই শঙ্কিত হয়ে পড়ছেন। বন্যপ্রাণী সংরক্ষণে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণের জন্যেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক বাঘ দিবসে বাঘ পাচারের বিরুদ্ধে প্রচারণায় ভারতের ওয়াল্ডলাইফ ট্রাস্ট এবং এর সহযোগী ইন্টারন্যাশনাল ফান্ড ফর এনিমেল ওয়েলফেয়ার (আইএফএডব্লিউ-ভারত) যৌথভাবে বাঘ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং তা পাচার রোধে আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে এ পদক্ষেপ গ্রহণ করে।
বেসরকারি পর্যায়ে এই প্রথমবারের মত গৃহীত ক্রসবর্ডার প্রকল্পে ভারত অংশগ্রহণ করেছে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্যে ভারত কেবল প্রচারণাই নয়, আটটি দেশের সঙ্গে ধারবাহিক বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছে। এর মধ্যে বিশ্বের কয়েকটি দেশে বাঘ এবং চিতাবাঘের চামড়া দিয়ে পোশাক ব্যবহারের ওপর আলোকচিত্র ও তথ্যচিত্র তুলে ধরা হবে।
পরিসংখ্যান অনুযায়ী নয় ধরনের মধ্যে বাঘের তিনটি প্রজাতি গত ৪০ বছরে বিলুপ্ত হয়ে গেছে। গত দুই শতাব্দীতে বাঘের সংখ্যাও এক লাখ থেকে কমে পাঁচ হাজারে পৌঁছেছে।
এশিয়ার ১৪টি দেশের মধ্যে ভারতে প্রচুর বাঘের বাস। এর মধ্যে পাঁচশ’ বাঘের দুটি বাসভূমির মধ্যে ভারত একটি।
১৯৯৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত ভারতে ৬৮৪টি বাঘ মারা যায়। বাঘের চামড়ার জন্যে ১০ হাজার ডলার দিতে প্রস্তুত এমন ক্রেতাও রয়েছে চীনে। এসব কিছু উদ্বিগ্ন করে তুলেছে পরিবেশবিদদের।
