২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ের রাষ্ট্রদূত টুয়েজডে গ্রুপের পরবর্তী সভাপতি হচ্ছেন

ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত অদ লিজে নরহেইম আগামী মাসে বহুল আলোচিত পশ্চিমা কূটনৈতিকদের অনানুষ্ঠানিক প্লাটফরম টুয়েজ ডে গ্রুপের সভাপতি হতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বর্তমানে কানাডীয় হাই কমিশনার ডেভিড স্প্রাউল এ দায়িত্ব পালন করছেন। আগামী মাসেই তিনি তার দায়িত্ব নরহেইম’র কাছে বুঝিয়ে দেবেন বলে একটি দায়িত্বশীল সূত্র বিডিনিউজকে জানিয়েছে।

টুয়েজডে গ্রুপ ২০০১ সালের সাধারণ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল এবং এবারও আগামী নির্বাচনকে সামনে রেখে তারা একটি আন্তর্জাতকি সম্মেলনে করতে এগিয়ে এসেছিল। কিন্তু এবার তারা সরকারের বিরোধীতার মুখে পড়েছে।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়ে টুয়েজডে গ্রুপ গঠিত। এছাড়াও ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরও এ গ্রুপে রয়েছেন।

নরহেইম ১৯৫৬ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে রয়েছে তার উচ্চতর ডিগ্রি।

বিবাহিত এবং দুই সন্তানের জননী নরহেইম ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে যোগদানের পূর্বে রোমে নরওয়ের মিনিস্টার কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক চাকুরিতে যোগদানের পূর্বে নরহেইম অসলোর একটি সাপ্তাহিক পত্রিকা ‘ভ ফ্রামটিড’ এর সহ-সম্পাদক হিসেবে কাজ করেন। ওই সময় তিনি অসলো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহকারি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।