২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহে জয়পুরহাটে জেএমবি সদস্য গ্রেপ্তার, আরো স্বীকারোক্তি

দেশব্যাপী ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর আরও একজন সদস্যকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

গ্রেপ্তারকৃত রেজোয়ানুল হক রেজোয়ান (২৬) শহরের সদর রাস্তা এবং আরবি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার মোজাম্মেল হক আকন্দের পুত্র।

পুলিশ সূত্র জানায়, জেএমবি’র অপর গ্রেপ্তারকৃত সদস্য আজিজুল বারী মিন্টুর ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী রেজোয়ানকে কালাই থানা পুলিশ গ্রেপ্তার করে। মিন্টুকে ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।

ট্রাকযোগে জয়পুরহাট থেকে মোকামতলার দিকে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানা পুলিশ ট্রাকটি আটক করে রেজোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জেএমবি ও বোমা বিস্ফোণ ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

এদিকে, ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত দু’ সহোদর জাহাঙ্গীর আলম লিটন ও রবিউল ইসলাম রবি শনিবার বিকেলে জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রেজানুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তারা জানায়, ১৬ আগস্ট রাতে গ্রেফতারকৃত জিয়াউর রহমান জিয়ার বাড়িতে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করা হয়। সেখানে জেএমবি’র জেলা কমান্ডার উপস্থিত ছিল। পরিকল্পনা মোতাবেক ১৭ আগস্ট জয়পুরহাট শহরের পাঁচুর মোড় ও বাস টার্মিনালে তারা অন্যান্য সঙ্গীসহ বোমা বিস্ফোরণ ঘটায়।

জেএমবি কানেকশন ও বোমা বিস্ফোরণ ঘটনায় পুলিশ ও র‌্যাব জয়পুরহাট জেলায় এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে গ্রেপ্তারকৃত রিকশাচালক সুলতান ২৭ আগস্ট বিনা চিকিৎসায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা যাওয়ায় এবং অপর জঙ্গি সদস্য মোন্তেজারের কন্যা মাহমুদা বেগম এবং তার (মোন্তেজার) পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মুক্তি দিয়েছে আদালত।

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, ঢাকার বাসাবোয় গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য লোকমান ওরফে শহীদুল্লাহকে খুলনায় এনে জিজ্ঞাসাবাদ করার জন্যে আদালত নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে বটিয়াঘাটার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজকে জানান, শহীদুল্লাহকে শিগগিরই ঢাকা থেকে খুলনা আনা হবে।

তিনি জানান, শহীদুল্লার দেওয়া তথ্য অনুযায়ী তার সহযোগীদের গ্রেপ্তারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ১৭ আগস্টের বোমা হামলায় ব্যবহৃত বোমাগুলো কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের চার জেলা-যশোর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পাঠানো হয়েছিল বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ ঢাকার আদালত প্রতিনিধি জানান, টাঙ্গাইল থেকে গ্রেপ্তারকৃত কালিহাতি বল্লা আলিয়া মাদ্রাসার ছাত্র ফয়সল আহমেদ রোববার ঢাকার মহানগর হাকিম ননী গোপাল বিশ্বাসের কাছে দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত সোমবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে নাত দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। কিন্তু রিমান্ড শেষ হওয়ার আগেই ডিবি পুলিশ তাকে রোববার সিএমএম আদালতে হাজির করে।

ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ফয়সাল জানায়, সে কালিহাতির ওই মাদ্রাসায় পড়াকালে ২০০৪ সালে জেএমবি’র সদস্য হয়। ওই গ্রামের শোয়েব নামের এক বন্ধু এ ব্যাপারে অনুপ্রেরণা দেয় এবং জেএমবি’র সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। জেএমবি’র টাঙ্গাঈল শাখার এক এক নেতা তাকে এবং সাইফুল নামের অপর জেএমবি সদস্যকে ১৪ আগস্ট ঢাকা পাঠায় অপারেশনের জন্যে।

সে জানায়, গত কোরবানী ঈদের পরে কালিহাতিতে জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান জেহাদ বিষয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

বিডিনিউজ নাটোর প্রতিনিধি জানান, ১৭ সেপ্টেম্বর নাটোরের মিরাপাড়া থেকে গ্রেপ্তারকৃত জেএমবি’র চারজন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তারা হলো-হাফিজুল ইসলাম ওরফে হাফিজ, দেলোয়ার হোসেন ওরফে মিঠু, আবদুল মতিন এবং শিহাব।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারী থেকে ইতোপূর্বে আটক তিনজন সন্দেহভাজন জেএমবি সদস্যকে বাগেরহাট পুলিশ এখনও জিজ্ঞাসাবাদ করছে।

বাগেরহাট থানায় রেখে কৃষিব্যাঙ্ক চিতলমারী শাখার নৈশ প্রহরী হাফেজ মো. কেরামত আলী, চিতলমারী বাজারের সাবেক নৈশ প্রহরী শেখ আব্দুল্লাহ এবং আবু বক্কর সিদ্দিক নামে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ২০ ও ২২ সেপ্টেম্বর তাদের আটক করে।