চট্টগ্রাম নগরীর মাষ্টারপ্ল্যানের ১০ বছরেও গড়ে ওঠেনি ড্রেনেজ ব্যবস্থা
চট্টগ্রাম নগরীরর জন্য মাষ্টারপ্ল্যান বাস্তবায়নের নির্ধরিত সময়ের অর্ধেক পার হলেও মহানগরীর ড্রেনেজ প্ল্যান বাস্তবায়নের কোন উদ্যোগ নেওয়া হয়নি।
তাছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ড্রেনেজ সংক্রান্ত কোন সমন্বিত উদ্যোগ না থাকায় চট্টগ্রামবাসী বছরের পর বছর জলাবদ্ধতা থেকে মুক্ত হতে পারছেনা।
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ১৯৯৫ সালে চট্টগ্রামের জন্য দ্বিতীয় দফা মাষ্টার প্ল্যান প্রণয়ন করে। এ প্ল্যানের প্রধান দুটি অংশ হচ্ছে ড্রেনেজ ও ট্রান্সপোর্টেশান। কিন্তু তহবিল সংকটের কারণে তখন মাষ্টার প্ল্যানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ডিটেইল এরিয়া প্ল্যান প্রণয়ন সম্ভব হয়নি।
২০ বছর মেয়াদী এই মহা পরিকল্পনা বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়-১৯৯৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত। ৯৫ সাল থেকে সিডিএ মাষ্টার প্ল্যানের ট্রান্সপোর্টেশান প্ল্যান বাস্তবায়ন শুরু করলেও ড্রেনেজ প্ল্যান এখনও ফাইল বন্দি।
ড্রেনেজ প্ল্যানের আওতায় তিনটি বড় জলাধার ও শতাধিক প্রাইমারি ড্রেন, সেকেন্ডারি ড্রেন ও প্রধান ড্রেন নির্মাণের কথা রয়েছে।
১৯৬৪ সালে চট্টগ্রাম মহানগরীর জন্য প্রথম বারের মত মাষ্টার প্ল্যান প্রণয়ন করা হলেও সেসময় তাতে কোন ড্রেনেজ প্ল্যান ছিলনা।
বর্তমানে চাকতাই খাল, মহেশ খাল, সাব এরিয়া খাল, মনোহর খাল ও হিজারা খাল এই পাঁচটি খাল দিয়ে মহানগরীর ১০০ বর্গ কিলোমিটার এলাকার পানি নিঃষ্কাশন হয়ে থাকে।
কিন্তু পর্যাপ্ত সংস্কারের অভাবে খালগুলোর অধিকাংশই ভরাট হয়ে গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতি বছর চাকতাই খাল খননের উদ্যোগ নিলেও কোনবারই এই খাল থেকে পুরোপুরি পলি অপসারণ করা যায়নি।
বর্তমানে চট্টগ্রাম মহানগরীর যে প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা আছে তা নিয়ন্ত্রণ করছে সিটি করপোরেশন। অন্যদিকে মহানগরীর জন্য যাবতীয় পরিকল্পনা তৈরির দায়িত্ব প্রাপ্ত সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। কাগজে কলমে ওয়াসার উপর ড্রেনেজ ব্যবস্থা দেখার দায়িত্ব থাকলেও বাস্তবে এ সংস্থা কোন দায়িত্ব পালন করতে পারছে না।
সিডিএর ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুল হাকিম বিডিনিউজকে জানান, নানা কারণে ড্রেনেজ প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যায়নি। বিশেষ করে ডিটেইল এরিয়া প্ল্যান না থাকায় ড্রেনেজ প্ল্যানের আওতায় কয়েকটি জলাধার নির্মাণ ও প্রধান প্রধান ড্রেনগুলোর জন্য স্থান নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
সিডিএ সূত্র আরও জানায়, বর্তমানে ডিটেইল এরিয়া প্ল্যান প্রণয়নের কাজ চলছে। আগামী ২০০৭ সালের মধে এ কাজ শেষ হলে ড্রেনেজ প্ল্যান বাস্তবায়ন সহজ হবে।
ওয়াসার প্রধান প্রকৌশলী শফিকুর রহমান বিডিনিউজকে জানান, মাষ্টার প্ল্যানের আলোকে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য চট্টগ্রাম ওয়াসা বিশ্ব ব্যাংকের সহায়তায় ৯০ হাজার ডলার ব্যয়ে কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।
