২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বজ্রপাতে ৮ জনের মৃত্যু

চট্টগ্রামে শনিবার সকাল থেকে বজ্রসহ ভারি বৃষ্টিপাতের কারণে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বৃষ্টির পানিতে চট্টগ্রাম মহানগরীর এক তৃতীয়াংশ এলাকা তলিয়ে যায়। পৃথক চারটি বজ্রপাতে সীতাকুণ্ড, কর্ণফুলী থানা এলাকার চরবাটা ও কর্ণফুলী নদীতে একজন মহিলাসহ আট ব্যক্তি প্রাণ হারিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় সাগরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয় ছনাবসি জলদাস (৪৪), নেপাল জলদাস (৩৫)ও নেপাল জলদাস (৪০)।

একই এলাকার জাহানাবাদে বজ্রপাতে নিহত হয় অজ্ঞাত পরিচয়ের একজন মহিলা।

বজ্রপাতের অন্য ঘটনাটি ঘটে কর্ণফুলী থানার চরবাটাতে। আলমগীর হোসেন নামের এক ব্যক্তি বজ্রপাতে গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুপুরের দিকে সে মারা যায়।

এছাড়া সকালে ফিরিঙ্গী বাজার ঘাট দিয়ে কর্ণফুলী নদী পার হওয়ার সময় বজ্রপাতে আরো তিন ব্যক্তি নিহত হয়।

এদের মধ্যে একজন হচ্ছে জনৈক নুরল আলম। অপর দুজনের পরিচয় জানা যায়নি।

ঝড়বৃষ্টির কারণে নগরীর অধিকাংশ রাস্তায় তিন থেকে পাঁচ ফুট পানি জমে আছে। ভয়াবহ ট্রাফিক জ্যামের কারণে নগরবাসীকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়।

আবহাওয়া দপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ৬টা থেকে চট্টগ্রাম অঞ্চলে বজ্রসহ ভারি বৃষ্টি শুরু হয়। দুপুর ১২ টা পর্যন্ত ১৫৮ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঝড়বৃষ্টির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইটের ওঠানামায় বিঘ্ন হয় বলে বিমানবন্দর সূত্র জানায়।