বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনার জন্য শনিবার ঢাকা আসছেন মায়ানমারের বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের সাথে মায়ানমারের দ্বি-পাক্ষিক বাণিজ্য ১০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার উপায় নিয়ে আলোচনার জন্য মায়ানমারের বাণিজ্য মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল টিন নাইং থেইন শনিবার তিন দিনের সফরে ঢাকা আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সফরকালে থেইন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।
মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০ মিলিয়ন ডলার।
থেইনের সঙ্গে মায়ানমারের উপ পররাষ্ট্র মন্ত্রী উ মং মিংন্টও বাংলাদেশ সফরে আসবেন বলে মুখপাত্র জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং বহিঃ প্রচার বিভাগের মহাপরিচালক জহিরুল হক এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চলতি বছরের শেষে ঢাকায় বাংলাদেশ ও মায়ানমারের যৌথ বাণিজ্য কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে, বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন সংক্রান্ত পাঁচ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্পের খসড়া চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে আলোচনার জন্য ২৫ সেপ্টেম্বর ইয়াঙ্গুনে দু’দেশের সিনিয়র কর্মকর্তাদের তিনদিনব্যাপী একটি বৈঠক শুরু হবে।
এ চুক্তির মাধ্যমে উভয় দেশের বাণিজ্য ও পর্যটন বাড়বে এবং আঞ্চলিক পরিবহন যোগাযোগ সহজতর হবে।
আসন্ন বৈঠকে বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যোগযোগ সচিব।
মায়ানমার সরকার দুদেশের মধ্যকার সড়ক নির্মাণে প্রয়োজনীয় ভূমি এবং এ ব্যাপারে সকল ধরনের যন্ত্রপাতি স্থাপন ও সরবরাহের ক্ষেত্রে শুল্ক, কর ও লেভির নিশ্চিয়তা দেবে। একই সাথে এ সড়ক দিয়ে বাংলাদেশী যানবাহনের শুল্কমুক্ত চলাচল সুবিধা দেবে মায়ানমার।
ঠাকুরগাঁও থেকে মায়ানমারের বওয়ালিবাজার পর্যন্ত এ সড়কের প্রথম ২৩ কিলোমিটার নির্মাণের খরচ বহন করবে বাংলাদেশ। এজন্য খরচ হবে পাঁচ মিলিয়ন ডলার।
মায়ানমারের সাথে সরাসরি এ সড়ক পথটি থাইল্যান্ড, চীন ও অন্যান্য দেশকেও সংযুক্ত করবে।
