২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ শতাধিক জেলের মৃত্যুর আশঙ্কা, ভারত শুক্রবার হস্তান্তর করবে ৮১ জনকে, মেদিনীপুরে জেলেদের আশ্রয়ে আরো ২শ

বঙ্গোপসাগরে রোববারের সামুদ্রিক জলোচ্ছ্বাসে দুই শতাধিক জেলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

অন্যদিকে জলোচ্ছ্বাসের সময় ভারতীয় সীমান্তে আটকে পড়া ৮১ জন জেলেকে ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। এছাড়া ভারতের মেদিনীপুর মৎস্য সমবায় সমিতির আশ্রয়ে রয়েছে আরো দুশ জন জেলে।

বিডিনিউজ-এর জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে এ চিত্র পাওয়া যায়।

বরগুনা প্রতিনিধি জানান, সামুদ্রিক ঝড়ের সময় নিখোঁজ হওয়া অর্ধ শতাধিক ট্রলার ছয় শতাধিক জেলেসহ পাথরঘাটায় ফিরে আসলেও দুই শতাধিক জেলে ফিরে আসেনি।

পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ১৮টি ট্রলার দু’শতাধিত জেলে ফিরে আসার আর কোনও সম্ভবনা নেই। ভাগ্যক্রমে কেউ ভারতে গিয়ে আটকে পড়ে ধরা পড়ে থাকলে হয়তো ফিরে আসবে।

তিনি আরও জানান, চ্ট্গ্রাম অঞ্চলের তিন শতাধিক জেলেকে তিনি বৃহস্পতিবার লঞ্চে তুলে দিয়েছেন। কক্সবাজার এলাকার নয় জন জেলে এখন তাদের আশ্রয়ে আছে। তাদের পাঠানোর ব্যবস্থা করা হবে।

ফিরে আসা জেলে মতি মাঝি এবং খলিল মাঝি জানান, তারা ৫০টির বেশি ট্রলার সাগরে ভাসতে দেখেছেন। তারা আরও জানান, তারা ২৫/৩০ জনের লাশও ভাসতে দেখেছেন। মতি মাঝি ও খলিল মাঝিদের ৫২ জনের দলটি বৃহস্পতিবার সকালে তিনটি ট্রলারে করে ফিরে এসেছেন।

কলাপাড়া প্রতিনিধি জানান, এফবি শাবনুর ট্রলার ডুবে পটুয়াখালী কলাপাড়া উপজেলার নিজামপুর অঞ্চলের নয় জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এফবি আয়েশা ট্রলারের ১৬ জন জেলের কোনও হদিস পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এফবি সবুজ পাখি, মায়ের দোয়া, কলি, দোলা, ভাই ভাই-৩, আশ্রাফ, ভোলাসহ আটটি ট্রলারের শতাধিক জেলে ভারতের মেদিনীপুর জেলার দ্বিগা থানার মৎস্য সমবায় সমিতিতে অবস্থান করছে। এছাড়াও ভারতের মেদিনীপুর এলাকায় আরও ৬০ জনসহ সেখানে ১৯১ জন বাংলাদেশী জেলে আছেন বলে জানিয়েছেন কলাপাড়া মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক নিমাই চন্দ্র।

তিনি জানান, জেলেরা পুলিশের গ্রেপ্তার এড়িয়ে দেশে ফেরার চেষ্টা চালাচ্ছে।

বেনাপোল প্রতিনিধি জানান, কক্সবাজারের কুতুবদিয়া অঞ্চলের ৮১ জন জেলেকে শুক্রবার ভারতের হরিদাসপুর চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হতে পারে। রোববারের ঝড়ের সময় সময় তারা দিক ভুল করে ভারতের অংশে আশ্রয় নিলে পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল।