২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ১০০ টন ডিজেল নষ্ট, ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি থেকে মঙ্গলবার যমুনা অয়েলের টার্মিনালে ডেলিভারি নেয়ার সময় ডিজেল উপচে পড়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এগারোজন কর্মকর্তা কর্মচারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

দুইজন শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান ও কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে এবং আরও দুই শীর্ষ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

ঘটনা তদন্তে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গঠিত চার সদস্যের কমিটি বুধবার রাতে রিপোর্ট প্রদানের পর এ ব্যবস্থা নেয়া হয়। রিপোর্টে এ ঘটনায় এক শ’ টন ডিজেল উপচে পড়ে নষ্ট হয়েছে বলে উল্লেখ করা হয়। যার দাম প্রায় ৪৫ লাখ টাকা।

তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট বিপিসির একটি সূত্র জানিয়েছে, রিফাইনারি ও যমুনার কর্মচারিদের অবহেলার জন্যে এ দুর্ঘটনা ঘটেছে। তবে যমুনার টার্মিনাল ম্যানেজার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বাল্ক

অফিসারকে সুস্পষ্টভাবে দায়ী করা হয়েছে।

কমিটির প্রধান বিপিসির জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) মোহাম্মদ আলী বিডিনিউজকে বলেছেন, রিফাইনারি ও যমুনার কর্মচারিদের গাফলতির কারণে প্রায় ১০০ টন ডিজেল নষ্ট হয়েছে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিবরণ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

তবে তদন্ত কমিটির রিপোর্টের বিষয়বস্তু এবং কারা এ ঘটনায় দোষী, সে সম্পর্কে কমিটির চেয়ারম্যান কিংবা বিপিসির কোনও কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

বিপিসির জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) মোহাম্মদ আলীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, বিপিসির ডিজিএম (মার্কেটিং) এসএম কামরুল হাসান, ইস্টার্ন রিফাইনারির জিএম (প্লানিং) আসিফ মালিক এবং যমুনার ম্যানেজার নাজমুল হক।

এ ঘটনায় ইস্টার্ন রিফাইনারি, যমুনা অয়েল এবং বন্দর কর্তৃপক্ষও পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।