বরিশালে জেএমবি সদস্য পালিয়েছে, দেশজুড়ে গ্রেপ্তারকৃতদের আরো স্বীকারেক্তি
বরিশালের চরমোনাই ট্রলার ঘাট সংলগ্ন মদীনাতুল উলুম নূরানী হাফেজী কওমী মাদ্রাসার শিক্ষক জেএমবি সদস্য মওলানা আবুল কাশেম স্থানীয় বিএনপির এক নেতার সহযোগিতায় এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, ২১ সেপ্টেম্বর রাতে স্থানীয় একজন বিএনপি নেতা জেএমবির ওই সদস্যকে মোটরসাইকেলে পালাতে সাহায্য করে। এ সুযোগে বিএনপির অপর কয়েকজন নেতার সহযোগিতায় স্থানীয় সোনালী ব্যাংক করপোরেট শাখার কর্মকর্তা মাহবুব হোসেন মাওলানা আবুল কাশেমের কাছে থাকা পাঁচ হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মদীনাতুল মাদ্রাসার সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন সরদার এ ঘটনা স্বীকার করেন।
তিনি বিডিনিউজকে জানান, রাতে স্থানীয় এক বিএনপি নেতার সহযোগিতায় কতিপয় যুবক মোটরসাইকেলে করে জেএমবির সদস্য মওলানা আবুল কাশেমকে এলাকা থেকে পালাতে সাহায্য করেছে।
‘এ ঘটনার সাথে একই মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর হোসেন সরদার প্রত্যক্ষভাবে জড়িত’, ইউসুফ জানান।
তবে বিএনপির কারা জড়িত, তাদের নাম প্রকাশ করেননি তিনি।
সূত্র জানায়, পালানোর আগে মওলানা আবুল কাশেম স্থানীয় বগুড়া রোডের সোনালী ব্যাংক কর্মকর্তা মাহবুব ওরফে ফকু মাস্টারের কাছে পাঁচ হাজার সৌদি রিয়াল ভাঙাতে দেয়। কিন্তু এলাকা ছেড়ে পালানোর কথা জানতে পেরে ওই ব্যাংক কর্মকর্তা স্থানীয় অপর কয়েকজন বিএনপির নেতার সহায়তায় মওলানা আবুল কাশেমের টাকা ছিনিয়ে নেয়।
মওলানা আবুল কাশেমের (৩৫) গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জেলার গ্রেফতারকৃত জেএমবি’র আঞ্চলিক নেতা কাইয়ুম ওরফে কায়েস রিমান্ডের তৃতীয় দিনে পুলিশের জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
নওগাঁ পুলিশ সুপার জামিল আহমেদ বিডিনিউজকে জানান, কাইয়ুমের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জঙ্গি গ্রেফতারের জন্যে নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ জেলায় এ পর্যন্ত গ্রেপ্তারকৃত সাত জনের মধ্যে কাইয়ুমসহ চারজনই জেএমবি’র সক্রিয় সদস্য।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য আমিনুল ইসলামকে (২২) দ্বিতীয় দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর জামালগঞ্জ থেকে গ্রেফতারকৃত ইদ্রিস আলীর স্বীকারোক্তি অনুযায়ী সোমবার কোমরগ্রামের আমজাদ হোসেনের পুত্র আমিনুল ইসলামকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আহলে হাদিস আন্দোলন এবং জেএমবি’র সক্রিয় সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
গাজীপুর প্রতিনিধি জানান, মামুনুর রশিদ (২৫) নামে এক জঙ্গি বৃহস্পতিবার বিকেলে ম্যাজিস্ট্রেট ফজলুর রহমানের আদালতে ১৭ আগস্ট বোমা হামলায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্তি দিয়েছে।
তাকে ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুর থেকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে।
সাত দিনের পুলিশী রিমান্ডের শেষ দিনে সে এ স্বীকারোক্তি দেয়।
পুলিশ সূত্র জানায়, মামুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে বোমা বিস্ফোরণের বিস্তারিত বিবরণ দিয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে আরো দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বুধবার রাতে চিতলমারী থেকে তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে, কৃষি ব্যাঙ্ক চিতলমারী শাখার নৈশ প্রহরী হাফেজ মো. কেরামত আলী (৫০) এবং চিতলমারী বাজারের সাবেক নৈশ প্রহরী আব্দুল্লাহ শেখ (৪৫)।
এদিকে বাগেরহাট থেকে ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো জঙ্গি নেতা মো. বারাকাতুল¬াহ (২৮) ও মাওলানা আব্দুল্লাহ গাজী (৩৫)কে বুধবার বাগেরহাটে ফিরিয়ে আনা হয়েছে। বারাকাতুল্লাহ আল মোর্শেদকে সাতদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠায়। আব্দুল্লাহ গাজীকে আট দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে পাঠানো হবে বলে সদর থানা পুলিশ জানায়।
বাগেরহাটের পুলিশ সুপার এম. মোস্তফা কামাল জানান, ঢাকায় জিজ্ঞাসাবাদে বারাকাত ও আব্দুল্লাহ গাজী বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করে চিতলমারী থেকে কেরামত ও আব্দুল্লাহ শেখকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেফতারকৃত কেরামত মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের মৃত আলেক মোল্ল্যা এবং আব্দুল্লাহ শেখ চিতলমারীর আড়ুয়াবর্ণি গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র। তাদের বাগেরহাট সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
