২৫ শতাংশ লোক অ্যালার্জি জনিত ঠান্ডায় আক্রান্ত
দেশের ২৫ ভাগ মানুষ অ্যালার্জি জনিত ঠান্ডায় আক্রান্ত। অন্যদিকে অ্যাজমায় ভূগছে আরও ৭০ লাখ। বৃহস্পতিবার এক সম্মেলনে বিশেষজ্ঞরা একথা জানান।
এক জরিপ উদ্ধৃত করে বলা হয়, ঢাকায় স্কুল পড়ুয়াদের ২০ শতাংশেরও বেশি অ্যালার্জি আক্রান্ত। এদের অধিকাংশই ওষুধ ক্রয় ক্ষমতার অভাবে চিকিৎসা বঞ্চিত।
অন্যদিকে অ্যাজমা রোগীদের মধ্যে সাত লাখ এতই দরিদ্র যে, তারা রোগ প্রতিরোধের জন্য ওষুধ ক্রয় করতে পারেন না।
‘ফিৃডম ফ্রম অ্যালার্জি : প্রিভেন্ট পলিউশন’ শীর্ষক তিনদিনের এক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সোসাইটি অব অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি (বিএএনএসএআই) এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যা বিস্ফোরণ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে অ্যলার্জি ও অ্যলার্জি জনিত রোগের বিস্তার হচ্ছে।
মন্ত্রী আরও জানান, মেডিকেল পাঠ্যসূচিতে অ্যালার্জি ও ইমিউনোলজিকে পৃথক বিভাগ হিসেবে অন্তর্ভূক্ত করা হবে।
এসোসিয়েশনের সভাপতি জাতীয় অধ্যাপক এম আর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
