২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনা: গাজীপুরে ৩টি বাসের সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধ শতাধিক

পাল্লা দিয়ে চলা বাসচালকদের রেষারেষি প্রাণ কেড়ে নিলো চারজন যাত্রীর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় আহত হয় আরো অর্ধ শতাধিক যাত্রী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বেপরোয়া গতির দুটি বাসের সঙ্গে গাজীপুরের পোড়াবাড়ি বাজারের সামনে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং আহত যাত্রীরা জানান, সকাল সাড়ে ১১টায় বর্মী থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহনের দুটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১১-২২৪৯ এবং ঢাকা মেট্রো জ-১১-০৫৫২) একটি অপরটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী মোল্লা অ্যান্ড সন্সের অপর যাত্রীবাহী বাসের (গাজী-জ-০৪-০৩৬৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ঘটনাস্থলে বনশ্রী পরিবহনের চালক আবুল কাশেম (৪৭) নিহত হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়ডহর গ্রামে। হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যায়। তারা হলো, সুনামগঞ্জ জেলার সাউদপাড়া এলাকার আ. জলিল (৩৫), ময়মনসিংহের গফরগাঁও উজেলার বিরই গ্রামের কাশেম (৪০) এবং অজ্ঞাত পরিচয় (৩৫)।

আহতদের মধ্যে ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩৫ জনকে গাজীপুর সদর হাসপাতাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

গুরুতর আহত অবস্থায় যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তারা হলেন, পপি(৩৫), আমীর হোসেন (৪০), ফরিদ হোসেন (১২), আতাউর (৪০), সাইফুল (২৮), তারা বানু (৪০), মফিজ উদ্দিন (৭০), মো. আলী (৩৫), ছিদ্দিকুর (৩০), সাফিয়া (৫০), রতন (১২), আফাজউদ্দিন (৪৫), রনি (১২), নূরে বানু (৩৫), আবুল কাশেম (৪৫), নজরুল (৩০), এবং উম্মে হাসনা ঝুমা (২৫)।

বনশ্রী পরিবহনের আহত যাত্রী রফিকুল (২৮) বলেন, মাওনা এলাকায় দেখা হওয়ার পর থেকে দুটো বাস পাল্লাপাল্লি এবং প্রচণ্ড রেষারেষির মধ্য দিয়ে প্রায় ২০ কিলোমিটর পথ পাড়ি দেয়। এরপর বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে এদের সংঘর্ষ ঘটে।

তিনি আরো বলেন, যাত্রীরা চালককে বারবার সাবধানে চালাতে বললেও চালক তা শোনেনি।

দুর্ঘটনার পর থেকে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা মহাসড়কে ঘনঘন সড়ক দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে। দুপুর পৌনে একটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল, জেলা প্রসাশক ম ফজলে রাব্বী, পুলিশ সুপার আতিকুল ইসলাম দুর্ঘটনাস্থল এবং গাজীপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন।