নিখোঁজ জেলেসহ ভেসে যাওয়া ট্রলার ফিরে আসছে, সাগরে ভাসছে লাশ, আরো ২ ট্রলারডুবি
সামুদ্রিক জলোচ্ছ্বাসে নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে বুধবার পাঁচ হাজারের মতো জেলেসহ বিভিন্ন এলাকায় এক হাজার ট্রলার উপকূলে ফিরে এসেছে। এলাকাগুলো হচ্ছে, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও কক্সবাজার।
অবশিষ্ট জেলেসহ শতাধিক ট্রলারের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও অনিশ্চিত। তবে বঙ্গোপসাগরে বেশ কিছু লাশ ভাসতে দেখা গেছে বলে বিডিনিউজ-এর উপকূলীয় অঞ্চলের প্রতিনিধিরা জানিয়েছেন।
এদিকে কলাপাড়া উপজেলা সংলগ্ন গভীর সাগরে এফবি মনি ও সমবায় সমিতির (নং-১৩০) আরও দুটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে।
স্বজনরা নিখোঁজ জেলেদের সন্ধানে উপকূলীয় বন্দরে ভিড় করছে।
বিডিনিউজ-এর বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর ও কলাপাড়া প্রতিনিধি জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় সাগর থেকে ভাসমান অবস্থায় এফবি নোয়াব ট্রলারের জেলে জলিলের লাশ উদ্ধার করা হয়েছে।
ফিরে আসা জেলেরা জানান, তারা কমপক্ষে ৫০টি ট্রলার সাগরে ভাসতে দেখেছেন। এছাড়াও সাগরের পানিতে তারা অসংখ্য লাশ ভেসে যেতে দেখেছেন।
পাথরঘাটার টেংরা গ্রামে বুধবার এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে বেঁচে যাওয়া সাত ট্রলারের অর্ধ শতাধিক জেলেকে সুন্দরবনের গহীনে সাগর মোহনায় জলদস্যুরা মুক্তিপণের জন্যে জিম্মি করেছে।
বরগুনার গুলিশাখালী গ্রামের নিখোঁজ ছয়টি ট্রলারের মধ্যে এফবি জ্যোৎøা নামের একটি ট্রলার ১৫ জন জেলে নিয়ে ফিরে এসেছে। তবে নলী এলাকার আটটি ট্রলারের খোঁজ এখনও পাওয়া যায়নি।
পাথরঘাটায় ফিরে আসা লক্ষ্মীপুরের এফবি আল সালামের মালিক মহিনুদ্দিন জানান, তিনি ১৪ জন জেলে নিয়ে ভারতীয় জলসীমার কাপদ্বীপ চলে গিয়েছিলেন। সেখানে তিনি আরও ২৫/৩০টি ট্রলার দেখে এসেছেন। বেঁচে যাওয়া একজন জেলে আলতাফ হোসেন বলেন, তিনি ৪০টিরও বেশি ট্রলার ডুবে যেতে দেখেছেন। তার নিজের ট্রলারটি ডুবে গেলেও তিনি অন্য একটি ট্রলারে উঠে কোনও রকমে বেঁচে এসেছেন।
এছাড়া মহিপুরের এফবি ফাতেমা ও আলীপুরের এফবি শাবনূর ট্রলারের ২৩ জেলের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।
কুয়াকাটার এফবি আল আমীন-২ ট্রলারের ১৪ জেলেকে ভারতের বাসন্তী থানার জয়কালী বাজারের বন কর্মীরা আটক করে বুধবার চালান দিয়েছে।
মৎস্য সমবায় সমিতির সভাপতি জানান, কলাপাড়ার এফবি দোলা ও মহিপুরের দুলাল হাওলাদারের এফবি সবুজ পাখীর ২৪ জেলেসহ ট্রলার দুটি ভারতের পশ্চিমবঙ্গে ভেসে গেছে।
এদিকে পশ্চিমবঙ্গ থেকে বণিক দাশ নামে এক ব্যবসায়ী মঙ্গলবার রাতে ফোনে পিরোজপুরের জুজখোলার মৎস্যজীবী নেতা আলতাফ হোসেনকে জানান, শনিবার রাতে হিরণ পয়েন্টের দক্ষিণে ঝড়ের কবলে পড়ে যুবে যাওয়া এবি-২৪ এবং এফবি-৮৬ ট্রলারের ২৪ জন মাঝি-মাল্লাকে মঙ্গলবার ভারতীয় নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে পূর্ব মোদিনীপুরের দিঘা থানায় হস্তান্তর করেছে।
সাগর এখন ভয়ঙ্কর উত্তাল। রোববারের ঝড়ের পর থেকে জেলেদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
