দুঃস্থদের মধ্যে ২৫ সেপ্টেম্বর থেকে ওএমএস ও রেশন কার্ডে চাল বিক্রির সিদ্ধান্ত
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) এক আন্তঃমন্ত্রণালয় সভায় বুধবার আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশের প্রতিটি জেলায় ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং), ওএমএস (ওপেন মার্কেট সেল) ও স্বল্পমূল্যে দুঃস্থদের রেশন কার্ডের মাধ্যমে চাল বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় চলমান অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ও খাদ্যশস্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং সংগ্রহ অভিযানের সন্তোষ প্রকাশ করা হয়।
তথ্য বিবরণীতে জানানো হয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার কেবিনেট সচিব ড. সা’দত হুসেইন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মুহাম্মদ ফজলুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ও অধিদপ্তরসমূহের মহাপরিচালকগণ উপস্থিত ছিলেন।
সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় যে, দুঃস্থ পরিবারকে স্বল্প মূল্যে খাদ্য সহায়তার লক্ষ্যে প্রতি ইউনিয়নে ৯শ’ করে রেশনিং কার্ডের মাধ্যমে প্রতি কেজি ৪ টাকা মূল্যে প্রতি কার্ডে ১২ কেজি করে চাল সরবরাহ করা হবে। এ ব্যবস্থার আওতায় ৫০ লাখ মানুষ উপকৃত হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়। পল্লি রেশনিং নামের এ প্রকল্পের আওতায় এক লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
সভায় খাদ্যমন্ত্রী জানান, খোলা বাজারে চাল বিক্রিতে যাতে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি না হয় সেজন্য প্রতিটি ওএমএস ও ভিজিএফ কার্যক্রমে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হবে। প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়োগকৃত মনিটরিং কমিটি ওএমএস, ভিজিএফ ও স্বল্প মূল্যে খাদ্য সহায়তা কার্যক্রম তদারকি করবেন।
সভায় জানানো হয়, সরকার কৃষকদেরকে উৎসাহ প্রদান, ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা এবং বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর থেকে ওএমএস চালু করবে। সারা দেশে একযোগে ওএমএস কার্যক্রম চলবে। ১৮ হাজার ডিলারের মাধ্যমে প্রায় ৩ লাখ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। প্রতি পরিবার ডিলারদের কাছ থেকে প্রতি কেজি ১৪ টাকা ৫০ পয়সা মূল্যে ৩ কেজি থেকে সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয়ের সুযোগ পাবে। ঢাকাসহ বিভাগীয় শহরে ২৫ সেপ্টেম্বর এবং অন্যান্য জেলা শহরে পয়লা অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হবে। ঢাকায় প্রতিদিন এবং ঢাকার বাইরে একদিন পর পর এ কার্যক্রম চলবে।
ভিজিএফ কর্মসূচির আওতায় দেশের ৪ হাজার ৮শ’ ৪টি পৌরসভা ও ইউনিয়নে দুস্থ পরিবারের তালিকা প্রণয়নের কার্যক্রম দ্রুত সমাপ্ত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে এক হাজার এবং প্রথম শ্রেণীর পৌরসভায় দুই হাজার, দ্বিতীয় শ্রেণীর পৌরসভায় ১৫শ’ এবং তৃতীয় শ্রেণীর পৌরসভায় এক হাজার করে ভিজিএফ কার্ড বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি কার্ডে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এতে করে সেপ্টেম্বর ও অক্টোবর দু’ মাসে এক লাখ ২০ হাজার মেট্রিক টন চাল প্রয়োজন হবে।
