কাফরুলের চাঞ্চল্যকর সালেহা হত্যা মামলার আসামি সৎ ছেলে জুয়েলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ঢাকার দক্ষিণ কাফরুলের চাঞ্চল্যকর সালেহা বেগম হত্যা মামলার প্রধান আসামি রিকশাচালক শামসুল হক জুয়েল নিজেকে তার সৎমা’র একমাত্র হত্যাকারী উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ঢাকা মহানগর হাকিম ননী গোপাল বিশ্বাসের খাস কামরায় বুধবার সে এ স্বীকারোক্তি দেয়। জুয়েল মঙ্গলবার রাতে কাফরুল থানায় আত্মসমর্পণ করে।
স্বীকারোক্তিতে সে বলে, এই সৎমার কারণেই আমার নিজের মা ও বড় বোন পাগল হয়েছে। তাকে খুন করে আমি অনুতপ্ত নই এবং পুলিশের অত্যাচার থেকে আমার নিরপরাধ স্ত্রী ও শ্বশুরকে বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছি।
সৎমাকে হত্যার কারণ সম্পর্কে জুয়েল জানায়, একসময় তাদের বাসায় কাজের মেয়ে হিসেবে থাকা সালেহা বেগমকে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর জুয়েলকে তার বাবা আলাদা করে দিলে সে রিক্শা চালাতে শুরু করে। জুয়েল এক সন্তানের জনক।
সংসারে অভাব অনটনের কারণে ১৮ সেপ্টেম্বর রাত ৮টায় দক্ষিণ কাফরুলের ২৩০/এ বাসায় গিয়ে সৎমার কাছে টাকা চায়। কিন্তু সালেহা বেগম টাকা দিতে অস্বীকার করে।
পরে জুয়েলের বাবা বাসার বাইরে চলে যাওয়ার সুযোগে সে সৎমাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে তার সাথে থাকা গহনা ছিনিয়ে নেয়। এরপর থেকে সে পলাতক ছিল।
