ফরিদপুরে পদ্মার তীব্র ভাঙ্গন, হুমকির মুখে শহর রক্ষা বাঁধ
ফরিদপুরে পদ্মার তীব্র ভাঙ্গন অব্যাহত রয়েছে। সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে প্রমত্তা পদ্মার ভাঙ্গনে শহর রক্ষা বাঁধ এখন হুমকির মুখে।
এছাড়া ফরিদপুর-চরভদ্রাসন সড়কটিও যেকোনও সময় নদী গর্ভে বিলীন হতে পারে। ভাঙ্গন প্রতিরোধে এসব এলাকায় বালির বস্তা ফেলা হলেও কোনও কাজ হচ্ছে না।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ও সাদীপুর এলাকায় পদ্মার তীব্র ভাঙ্গন অব্যাহত রয়েছে। এমাসের শুরু থেকে এ পয়েন্টে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পায়। এ পর্যন্ত ছয় শ’ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম দফা ভাঙ্গন শুরু হয়েছিল। ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত নদীর ভাঙ্গনে পাঁচ শ’ মিটারের অধিক এলকা নদী গর্ভে বিলীন হয়ে যায়।
একটি সূত্র জানায়, ২০০৩ সালের জানুয়ারি থেকে এবছরের ৮ফেব্্রুয়ারি পর্যন্ত দু’বছরে পদ্মা নদী এপয়েন্টে ১২শ মিটার ভেঙ্গেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদীর পানি দ্রুতহারে হ্রাস পেলে ভাঙ্গনের তীব্রতা কমে আসবে। কিন্তু পানি হ্রাসের মাত্রা দ্রুত হারে না কমলে ভাঙ্গনের তীব্রতা বাড়বে। এবছর ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর প্রথম সপ্তাহ পর্যন্ত নদী ভাঙ্গন ছিল গড়ে পাঁচশ’ মিটার। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকায় ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা-সাদীপুর এলাকায় ফরিদপুর শাহর রক্ষা বাঁধের দুই কিলোমিটার অংশ ধ্বসে গেছে।
এদিকে সোমবার হতে ভাঙ্গন এলাকায় ভাঙ্গন প্রতিরোধে বালির বস্তা ফেলা শুরু হয়েছে। তবে নদী ভাঙ্গনের তীব্রতা না কমলে শুধু বালির বস্তা দিয়ে ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব হবে না বরং টাকাটাই জলে যাবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা জানান।
এদিকে সোমবার থেকে ভাঙ্গন এলাকায় কোন দর্শনার্থীকে না যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল মান্নান জানান, নদী ভাঙ্গন কবলিত মানুষের জান-মালের নিরাপত্তার জন্যই ওই এলাকায় কোন দর্শনার্থীকে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
