সংসদ অধিবেশন বুধবার শেষ হচ্ছে
বিরোধী দলের বয়কটের মধ্যদিয়ে নয়টি কার্যদিবস অতিবাহিত হওয়ার পর বুধবার ৮ম সংসদের চলতি ১৮তম অধিবেশন শেষ হচ্ছে।
কার্যবিধির ৬২ ধারায় বেশকিছু স্পর্শকাতর বিষয়সহ মোট ২৮টি মুলতবি প্রস্তাব আনা হলেও স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সেগুলো বাতিল করে দিয়েছেন। এর মধ্যে ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলার ইস্যুটিও রয়েছে।
তবে ১৭ সেপ্টেম্বর চলতি অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশব্যাপী এ বোমা হামলার ব্যাপারে তার বক্তব্য পেশ করেন।
প্রস্তাবগুলো বাতিল করে স্পিকার বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সংসদে তিন ঘন্টা পাঁচ মিনিট আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী চলতি অধিবেশনে বেশিরভাগ সময়ই অনুপস্থিত ছিলেন। বিশ্ব শীর্ষ সম্মেলন ২০০৫-এ অংশ নিতে তারা তিনজনই নিউইয়র্কে অবস্থান করছিলেন।
চলতি সংসদে আটটি বিল পাস করা হয়েছে। যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সংসদ সদস্যদের সম্মানি বৃদ্ধি, ভেজালমুক্ত খাদ্য (সংশোধনী) আইন ও বীজ (সংশোধনী) আইন ২০০৫।
