২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের ৫ আরোহীর সবাই নিহত

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কে একটি প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে খুলনার একটি ইনস্যুরেন্স কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা সপরিবারে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

মঙ্গলবার বিকেলে মহাসড়কের খাজুরা বাস স্ট্যাণ্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে বাসের নিচে ঢুকে যায়।

নিহতরা হচ্ছেন, খুলনার পদ্মা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জাবেদ আনোয়ার (৪৪), তার স্ত্রী শাহানা আনোয়ার (৩৫), তাদের নয় বছরের কন্যা এবং পাঁচ বছরের পুত্র সন্তান এবং আনুমানিক ১৮ বছর বয়সী অপর এক যুবক। নিহত দুই শিশু এবং অপর যুবকের নাম জানা যায়নি। জাবিদ নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা-মংলা মহাসড়কের বড় খাজুরা স’মিলের সামনে বিকেল সাড়ে ৪টা নাগাদ ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-জ-৪৪৬৪) সামনে থেকে বাগেরহাটগামী প্রাইভেট কারকে (খুলনা মেট্রো-গ ১১-০০৬২) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

অসমর্থিত একটি সূত্র জানায়, নিহত জাবিদ সপরিবারে বাগেরহাটে শ্বশুরালয়ে আসছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ফকিরহাট থানা পুলিশ দুর্ঘটনার পর ঘটনাস্থলে যায় এবং সন্ধ্যায় নিহতদের লাশ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়। এসময় প্রায় দু’ঘন্টা খুলনা-মংলা সড়কে বাস চলাচল বন্ধ থাকে।

সন্ধ্যায় বাগেরহাটের পুলিশ সুপার এম. মোস্তফা কামাল এবং ফকিরহাট থানার ডিউটি অফিসার এসআই বড়ুয়া দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুসংবাদ নিশ্চিত করলেও তাদের পরিচয় জানাতে পারেননি।