২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ২০০ ট্রলার ডুবি, সাড়ে ৩ হাজার জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে মঙ্গলবার পর্যন্ত দুশ’র বেশি মাছধরা ট্রলার ডুবে সাড়ে তিন হাজারের মতো জেলে নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বিডিনিউজ-এর জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, কক্সবাজার এলাকা থেকে এক হাজার, বরগুনা থেকে দু হাজার এবং অন্যান্য এলাকা মিলে আরও পাঁচশ’র বেশি জেলে নিখোঁজ রয়েছেন। এসকল এলাকায়ই দু’শর বেশি ট্রলার ঝড়ের কবলে পড়ে পানিতে তলিয়ে গেছে বলে আশংকা করা হচ্ছে।

স্রোতের পানিতে উপকূলীয় অঞ্চলের চিংড়ি ঘের ডুবে যাওয়ায় কোটি-কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্যোগের সময় অনেক ভাগ্যবান জেলে ফিরে আসতে পারলেও আরও শত শত জেলে নিখোঁজ রয়ে যায়। নিখোঁজ জেলেদের আত্মীয়-স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।

বর্তমানে জেলেদের মাছধরা ট্রলারগুলো ৩নং বিপদ সংকেত উপেক্ষা করে কক্সবাজার ও বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের খোঁজ করছে।

এদিকে ভারতে ২৩টি মাছধরা ট্রলার পাওয়া গেছে। সেখানে পুলিশ বাংলাদেশী ২৫ জন জেলেকে গ্রেপ্তার করেছে।

কক্সবাজার প্রতিনিধি জানান, বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে সাগরে নিখোঁজ হয়ে যাওয়া কক্সবাজার উপকূলীয় এলাকার শতাধিক মাছ ধরার ট্রলারের মধ্যে গত ১৪ ঘন্টায় আরো অর্ধশতাধিক ট্রলার কূলে ফিরে এসেছে। জীবন রক্ষা করে নিরাপদে ঘরে ফিরেছে সহস্রাধিক মাঝি মাল্লা। তবে এখনো নিখোঁজ রয়েছে সহস্রাধিক মাঝি মাল্লা ও অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার।

মঙ্গলবার সকালে ১০টির মতো ফিশিং ট্রলার নিখোঁজ ট্রলার ও মাঝিমাল্লাদের খুঁজতে বঙ্গোপসাগরে গেছে। কূলে ফিরে আসা কয়েকটি ট্রলার সাগরে ভাসমান আরো ১০ জন মাঝি মাল্লাকে উদ্ধার করে উপকূলে নিয়ে এসেছে। এ নিয়ে উদ্ধার পাওয়া মাঝি মাল্লাদের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।

শনিবার সাগরে প্রবল ঝড়ো হাওয়ায় ওই সব ট্রলার দুর্যোগের শিকার হলেও উপকূলের মানুষ তা জানতে পারে দু’দিন পর সোমবার।

নিখোঁজ ট্রলারগুলোর ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত করে জানা না গেলেও অনেকেরই সলিল সমাধি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনও লাশের সন্ধান পাওয়া যায়নি। উপকূলে ফিরে আসা একাধিক মাঝি মাল্লার সাথে কথা বলে জানা গেছে, তারা কূলে ফেরার পথে সাগরে ৪০ থেকে ৫০টি ফিশিং ট্রলারকে উল্টানো ও ভাসমান অবস্থায় দেখতে পেয়েছেন।

টিপুর মালিকানাধীন ট্রলারের মাঝি ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। কাইয়ুম সওদাগরের মালিকানাধীন ট্রলারের সকলেই উদ্ধার হলেও ফরিদ আহমদের মালিকানাধীন ট্রলারের সকল মাঝি মাল্লাই নিখোঁজ রয়েছে। নুনিয়াছড়ার শামসুল আলম প্রকাশ শামসু বহদ্দারের তিনটি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে। সাগরে নিমজ্জিত মহেশখালীর মোহাম্মদ হাশিমের মালিকানাধীন এফবি পারভিন মুন্নী নামে ট্রলারের ১১ জন মাঝি মাল্লা ফিরে এলেও চারজন এখনও নিখোঁজ রয়েছে।

বঙ্গোপসাগর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় এখনো ৩নং সতর্ক সংকেত রাখা হয়েছে। কক্সবাজার শহরে বর্তমানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকালের দিকে রোদ থাকলেও সকাল ১১টার পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে।

দুর্যোগ পাড়ি দিয়ে আসা মাঝি আবদুল খালেক বিডিনিউজকে জানান, তিনি ২৬ বছরের জেলে জীবনে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন কখনই হননি। তার মতে, শনিবার রাতে যেভাবে ঝড়ো হাওয়া শুরু হয়, তাতে পুরো সমুদ্রে ধোঁয়াশার সৃষ্টি হয়।

এদিকে নিখোঁজ ট্রলারের মালিক ও মাঝি মাল্লাদের পরিবারের লোকজন সাগর উপকূল ও বাঁকখালী নদীর উপকূলে ভিড় জমিয়েছে। কোনও ফিশিং ট্রলার ফিরে আসলেই নিখোঁজদের সন্ধানে আত্মীয়স্বজনরা খবরাখবর নিচ্ছেন। অনেক পরিবারে চলছে কান্নার রোল। ট্রলার মালিকরাও বর্তমানে উৎকণ্ঠায় আছে।

বরিশাল ও কলাপাড়া প্রতিনিধি জানান, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ অর্ধশত ট্রলারের মধ্যে ২৩টি ভারত সীমান্তে আশ্র্রয় নিয়েছে। অপরদিকে শতাধিক নিখোঁজ জেলের ২৫জনকে ভারতীয় পুলিশ আটক করেছে বলে মঙ্গলবার খবর পাওয়া গেছে।।

এদিকে স্থানীয় সূত্র গত দু’দিনে আরও নয়টি ট্রলারডুবির তথ্য জানিয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ফিশিং ট্রলার সমিতির সম্পাদক নিমাই চন্দ্র জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর গভীররাতে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ৩৫টি ট্রলার সোমবার পর্যন্ত মহিপুর ঘাটে এসে পৌঁছায়নি।

ট্রলারগুলোর মধ্যে এফবি ফেরদৌস, এফবি জহির, এফবি খুশী, এফবি আসমা, এফবি সালমা, এফবি তমা এখনও নিখোঁজ রয়েছে।

একই সঙ্গে বাংলাদেশের আড়াই শ’ জেলেসহ ২৩টি ট্রলার ভারতের নামখানের পূর্বে কাকদ্বীপ থানার লেদুরখালে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে আলীপুর ট্রলার মালিক আবুল জানিয়েছেন, বরগুনার পাথরঘাটার মনির মিয়ার দু’টি ট্রলার কাকদ্বীপে আশ্রয় নিতে গিয়ে ডুবে যায়। এসময় ভাসমান অবস্থায় ওই ট্রলার দু’টির ২৫ জন জেলেকে কাকদ্বীপ থানা পুলিশ উদ্ধার করেছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

গত দু’দিনে বঙ্গোপসাগরের সোনার চর এবং চালনা বয়ার বাইরে এফবি সাগর, এফবি শাওন, এফবি হাশেম, এফবি মানসুরা, এফবি শহীদ, এফবি টিয়াখালী এবং এফবি নিয়াজ নামের মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

বরগুনা প্রতিনিধি জানান, বঙ্গোপসাগরে প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে বরগুনার দু’সহস্রাধিক জেলেসহ দেড় শতাধিক মাছধরা ট্রলার নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা) ১৫ জন জেলের সলিল সমাধি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আকস্মিক ঝড়ের কবলে পড়ে পাথরঘাটা ও বরগুনা এলাকার তিন শতাধিক মাছ ধরার ট্রলার নিখোঁজ হয়। এদের মধ্যে ভারতীয় জলসীমা থেকে পশ্চিম বরগুনা পুলিশ ২০৮ জন জেলেসহ ১৬টি ট্রলার উদ্ধার করেছে।

ভারতীয় জলসীমায় ৭১৫ জন জেলেসহ আরও ৫৫টি ট্রলার রয়েছে বলে ফিরে আসা জেলেরা জানায়। এছাড়া এখনও পর্যন্ত আরও ১২ শতাধিক জেলেসহ শতাধিক ট্রলারের কোনও খোঁজ পাওয়া যায়নি।

ফিরে আসা জেলেরা আরও জানায়, এফবি কুতুবের একজন, এফবি বরকতের আটজন এবং এফবি ভাই ভাইয়ের ছয়জন জেলের সলিল সমাধি ঘটেছে। বরগুনা জেলা সদরের গুলিশাখালি গ্রামের নিখোঁজ ২৫টি ট্রলারের ১৬টি ফিরে এসেছে ও তিনটি ডুবে গেছে এবং ৯০ জন জেলেসহ ছয়টি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে। এছাড়া বরগুনার আব্দুল বারেকের দুটি ও দুলালের একটি ট্রলার ডুবে গেছে বলে উদ্ধারকৃত জেলেরা জানায়। এদিকে বরগুনার নলী এলাকার আরও ২৯টি ট্রলারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে পানির চাপে পাথরঘাটার দক্ষিণ প্রান্তে সাগর মোহনায় এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে চিংড়ি ঘের ভেসে যাওয়ায় কোটি টাকার ক্ষতি হয়েছে এবং তিন হাজার একর জমির ফসল ভেসে গেছে।

ভোলা প্রতিনিধি জানান, সামুদ্রিক ঝড়ে জেলার চরফ্যাশন উপজেলায় ঢালচর এলাকার লালচরের কাছাকাছি এফবি নুরজাহান নামে মাছ ধরার ট্রলার ১৬ জন জেলেসহ ডুবে যায। ১৫ জন জেলে উদ্ধার পেলেও আ. খালেক নামে একজন জেলে নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তার মৃত্যু হয়েছে।

কলাপাড়া প্রতিনিধি জানান, বোরবারের জলোচ্ছ্বাসে কুয়াকাটার আট কিলোমিটার দীর্ঘ সৈকত জুড়ে এখন শুধু ধ্বংসের ছাপ। নারিকেল, ঝাউ এবং তালবাগানসহ সৌন্দর্যমণ্ডিত পয়েন্টগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। সৈকতে যাওয়ার সড়কটির ৫০ ফুট সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। হোটেল, ঝিনুক ও স্টেশনারি দোকানদাররা বিধ্বস্ব হয়ে পড়েছেন এ ঘটনায়।