সংসদের শুন্য নয়টি মহিলা আসনে মনোনয়ন পেতে লবিং করছেন অর্ধশতাধিক বিএনপি নেত্রী
জাতীয় সংসদের শুন্য নয়টি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে বিএনপির অর্ধশতাধিক নেত্রী জোর লবিং চালিয়ে যাচ্ছেন।
ওইসব শুন্য আসনে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে। আগামী ৪ অক্টোবর ওইসব শুন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ সেপ্টেম্বর ও প্রত্যাহারের শেষ দিন ২৯ সেপ্টেম্বর।
নতুন আইন অনুযায়ী, সংসদের সংরক্ষিত ৪৫টি আসনের মধ্যে আওয়ামী লীগের জন্য বরাদ্দকৃত নয়টি আসনে কোনো প্রার্থী মনোনয়ন না দিলে আসনগুলো শুন্য থাকে। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আইন অনুযায়ী ওই আসনগুলো এখন সরকারি দলের কোঠায় যাবে।
প্রথম পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে ৩৬টি আসনের বিএনপি’র ৩০ জন, জামায়াতের তিনজন, জাতীয পার্টির দুইজন ও বিজেপির একজন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
বিএনপির ৩০ জনের মধ্যে স্থান না পেয়ে হতাশায় নিমজ্জিত নেত্রীরা বাকী নয়টি আসনে দলীয় মনোনয়নের জন্য নতুন উদ্যমে দৌড়-ঝাপ শুরু করেছেন। ওইসব নেত্রী প্রতিদিন বিএনপি’র সিনিয়র নেতা, প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের বাসা, অফিস অথবা দলীয় কার্যালয় গিয়ে নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করে দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন।
জানা যায়, শুন্য নয়টি আসনে স্থান পেতে লবিংয়ে অনেকটা এগিয়ে রয়েছেন রাজশাহী জেলার মহিলা দলের নেত্রী কাজী সহিদুন্নাহার হেনা। এর আগে দলীয় মনোনয়ন পাওয়া ৩০ জনের মধ্যেও তিনি ছিলেন। কিন্তু মনোয়নয়নপত্র দাখিলের শেষ দিনেও রেলওয়ের চাকরি থেকে পদত্যাগ সম্পর্কিত কাগজপত্র জমা দিতে না পারায় শেষ পর্যায়ে তিনি বাদ পড়েন। তার বদলে রাজশাহী মহানগর মহিলা দল সভানেত্রী জাহান পান্নাকে মনোনয়ন দেওয়া হয়।
তবে তাকে পরবর্তী পর্যায়ে মনোনয়ন দেওয়ার আশ্বাস দেন দলীয় শীর্ষ নেতারা। এ হিসেবে কাজী হেনা এবারের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন।
এছাড়াও যারা মনোনয়ন লাভে লবিং করে যাচ্ছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন : ম্যামাচিং (বান্দরবন), কামরুন্নাহার দস্তগীর (চট্টগ্রাম), শিরিন সুলতানা (ঢাকা), ফরিদা মণি (কুষ্টিয়া), শামীমা ইসলাম রনি (চাঁদপুর), রাবেয়া আলী (ময়মনসিংহ), শাম্মী আক্তার (হবিগঞ্জ), সাহানা আক্তার সানু (ফেনী), আজমেরী বেগম ছন্দা (মুন্সীগঞ্জ), আশিফা আশরাফি পাপিয়া (চাপাইনবাবগঞ্জ), মতিয়া হক (রাজশাহী), অধ্যাপিকা লুৎফুন্নেছা হোসেন (রাজশাহী), লায়লা ইয়াসমিন (পটুয়াখালী), ফিরোজা তালুকদার (জামালপুর), মাহমুদা সালাম (জামালপুর), সাইমুন বেগম (লক্ষ্মীপুর), রওশন আরা হেনা (ভোলা), রুবি মোস্তাফিজুর রহমান (বাগেরহাট), নাজমুন্নাহার বেবী (চাঁদপুর), ফাহিমা হোসেন জুবিলী (ঢাকা), নেওয়াজ হালিমা আরলি (মাগুরা), রহিমা শিকদার (মুন্সীগঞ্জ), রাবেয়া সিরাজ (টাঙ্গাইল), ফিরোজা বুলবুল কলি (যশোর), রওশন আরা (গাইবান্ধা), সায়মা জলিল (বরিশাল) ও হোসনে আরা বুলি (পিরোজপুর) প্রমূখ।
বিএনপি সুত্র জানিয়েছে, মনোয়নের ব্যাপারে সংসদলীয় দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। নতুন করে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হবে না। তবে আগে নেওয়া সাক্ষাতকারের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে কিনা, তাও নিশ্চিত নয়।
প্রথম পর্যায়ে ৩০ আসনে মনোনয়নের জন্য বিএনপি’র ২৬৫ জন নেত্রী দলীয় আবেদন করেছিলেন।
