২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সারাদেশে পবিত্র লায়লাতুল বরাত পালিত

কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত পবিত্র লায়লাতুল বরাত পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 12:18 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পবিত্র লায়লাতুল বরাত উপলক্ষে ঢাকাসহ সারাদেশে মসজিদ ও মাজারগুলোতে মসজিদে বিশেষ মোনাজাত, জিকির-মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে মুসলমানরা আল্লার বিশেষ রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। মহান আল্লাহর কাছে তারা তাদের অতীত ক্রিয়াকর্মের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে পরিশুদ্ধ ও সমৃদ্ধ জীবন লাভের জন্য মোনাজাত করেন। এ রাতে আল্লাহতায়ালা তার প্রিয় বান্দাদের উদ্দেশ্যে রহমতের সকল দরজা খুলে দেন।

মসজিদ, মাজারসহ দেশের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লায়লাতুল বরাত উপলক্ষ্যে বিশেষ রান্নাবান্না ও পিঠা-পায়েশের ব্যবস্থা করা হয়। অতিথি আপ্যায়ন ও কাঙালি ভোজ ও দান-খয়রাত করা হয়।

পবিত্র লায়লাতুল বরাত উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। লায়লাতুল বরাত উপলক্ষ্যে মঙ্গলবার সরকারি ছুটি আগেই ঘোষণা করা হয়। আল্লাহর মহিমা লাভে সচেষ্ট অনেকে লাইলাতুল বরাতের পরদিন রোজা রাখছেন।

শান্তিপূর্ণভাবে পবিত্র লায়লাতুল বরাত পালনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। পটকা, আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাজধানী ঢাকাসহ সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত ছিল।