অপহরণের সাড়ে ৩ মাস পর কক্সবাজারে স্কুল ছাত্র উদ্ধার
অপহরণের সাড়ে তিন মাস পর পাচারকারীদের হাত থেকে ফিরে এসেছে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মুশতাহিদ কায়সার চৌধুরী শিপলু।
শনিবার তাকে চট্টগ্রামের পূর্ব বাকলিয়া বলির মসজিদ এলাকা থেকে উদ্ধার করা হয়। গত ৩ জুন তারই এক প্রতিবেশীর মাধ্যমে ঈদগাঁও বাজার থেকে তাকে অপহরণ করা হয়।
জানা যায়, চলতি বছরের ৩ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে শিপলু ভারুয়াখালীর পশ্চিম পাড়া থেকে ঈদগাঁও বাজারে আসে। ওই বাজারে তারই এলাকার দিলু সেরাং (সারেং) এর ছেলে শফিক তাকে একটি জুস খাওয়ায়। জুসটি খাওয়ার পর সে আর কিছুই জানে না। সন্ধ্যায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে টিনশেড একটি বাড়িতে নিজেকে আবিষ্কার। এই বাড়িটিতে তাকে এক সপ্তাহ আটকে রাখার পর চট্টগ্রামের মাঝিরঘাট দিয়ে লঞ্চে হাতিয়া দ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানেও একটি বাড়িতে তাকে আটকে রাখা হয়। সে কান্নাকাটি করলে অপহরণকারীরা তাকে মারধর করত। পরে সপ্তাহখানেক আগে অপহরণকারীরা তাকে আবার চট্টগ্রাম নিয়ে এসে বাকলিয়ার গলির মসজিদ এলাকার একটি ক্যাসেটের দোকানে কাজের ছেলে হিসেবে বিক্রি করে দেয়। ওই দোকান থেকে কৌশলে বেরিয়ে শিপলু তার বাবাকে ফোন করলে পিতা কায়সার মমতাজ চৌধুরী শনিবার ওই ক্যাসেটের দোকান থেকে তাকে উদ্ধার করে। ক্যাসেটের দোকানের মালিক কায়সার চৌধুরীকে জানায়, সে তার দোকানে কাজ করার জন্য শিপলুকে তিন হাজার টাকা দিয়ে কিনে নেয়। শিপলুর বাবা ওই টাকা ফেরত দিয়ে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে।
